Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২১ জানুয়ারি ২০২৫ | ০৮:০৩ অপরাহ্ন

২৫০ মণ ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক : ২১ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অবৈধভাবে আমদানি করা ২৫০ মণ ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইয়াসিন আলী (২৫) এবং রিফাত হাসান দিপু (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কলারগাঁও যাত্রীছাউনি এলাকা থেকে একটি মালবাহী ট্রাকের ভেতর থেকে এসব চিনি জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই মাহমুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সিলেট থেকে আসা একটি ট্রাক তল্লাশি করে ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তায় মোট ৯ হাজার ৪০০ কেজি চিনি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। চিনি পাচারকারী এই চক্র সিলেট জেলার জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা নিয়ে যাচ্ছিল। তারা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য চিনির ওপর পাথর সাজিয়ে পাচারের চেষ্টা করছিল।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবুল কাশেম সরকার জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটক দুইজনই সিলেটের জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মৌলভীবাজারে ২৫০ মণ ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।....সংগৃহীত ছবি