
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অর্ধেক বগি রেখে ট্রেন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস চলন্ত অবস্থায় দুই ভাগ হয়ে পড়ে।
সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে আশুগঞ্জ স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ১৮ আগস্ট বিকেল সোয়া ৫টায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়। আশুগঞ্জ স্টেশন ঢোকার আগ মুুহূর্তে ট্রেনটির ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝখানে আলাদা হয়ে যায়। এতে পেছনের পাঁচটি বগি ছাড়াই ট্রেনটি আশুগঞ্জ প্রবেশ করে। বিষয়টি জানতে পেরে এলএম ট্রেন পেছনের দিকে নিয়ে পুনরায় বগি গুলো সংযোগ করে।
তবে কী কারণে এমনটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনূর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।