Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৪১ অপরাহ্ন

সহপাঠীর মায়ের চিকিৎসায় নিজেদের জমানো টাকার মাটির ব্যাংক তুলে দিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: ০৯ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার ক্ষুদে শিক্ষার্থীরা তাদের জমানো টাকার মাটির ব্যাংকটি তুলে দিল সহপাঠীর মায়ের চিকিৎসার জন্য। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী পিতৃহীন স্বপ্না টুডুর হাতে এ টাকা তুলে দেয় সহপাঠীরা। কেননা তার মা বাসন্তি হাঁসদা গত ছয় দিন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি কিডনি, লিভার, রক্তস্বল্পতা, সিস্টসহ বেশ কিছু রোগ নিয়ে ভর্তি রয়েছেন। চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হয়ে উঠছে না তাদের।

এসময় সকলের সামনে মাটির ব্যাংকটি ভাঙ্গা হয়। দেখা যায় এক, দুই ও পাঁচ টাকার কয়েনের পাশাপাশি দুই থেকে ৫০০ টাকার নোটও জমা পড়েছে ব্যাংকের ভেতর। শিক্ষক ও শিক্ষার্থীরা সেই টাকা গণণা করে। ঘটনাটি জানতে পেরে শামিম হোসেন নামে একজন পথচারিও ৫০০ ভালো কাজের অংশ নিতে ৫০০ টাকা দিয়ে যান। মোট টাকা গুনে হিসাব করে স্বপ্না টুডুর হাতে তুলে দেয়।  সেই টাকার পরিমাণ ২৩ হাজার টাকা। সহপাঠীকে সহযোগিতা করতে পেরে সকল শিক্ষার্থী খুব খুশি হয়। তারা এ ভালো উদ্যোগটি চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করে।

টাকা পেয়ে কান্নাজড়িত কন্ঠে স্বপ্না টুডু বলে, একটি ভালো কাজের অংশ হিসেবে আমাদের উদ্যোগ ছিল মাটির ব্যাংকে সপ্তাহে একদিন টাকা জমা দেয়া। ব্যাংকটির নাম ছিল স্বাস্থ্যসেবা মাটির ব্যাংক। কারও অসুস্থ্যতায় যেন সেই টাকা আমরা সহযোগিতা হিসেবে তুলে দিতে পারি। কিন্তু এ টাকা যে আমার মায়ের জন্যই পাবো তা কখনও কল্পনা করিনি। আমি সকলের কাছে কৃতজ্ঞ। সকলকে ধন্যবাদ। সহযোগিতার এ উদ্দেশ্য চলমান থাকুক।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহারিমা খাতুন বলে, স্বাস্থ্যসেবা মাটির ব্যাংকে শিক্ষার্থীদের জমানো টাকা আমাদের সহপাঠীর মায়ের চিকিৎসায় দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে। অনেকদিন থেকে আমরা টাকা জমাচ্ছিলাম। ভাবছিলাম, কবে এ ভালো কাজটি সফল হবে। পরবর্তীতেও আমাদের এ ভালো কাজটি আমরা চালু রাখবো।

একই প্রতিক্রিয়া ব্যক্ত করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিরজন সরেন।

এসময় বক্তব্য দেন বাসন্তি হাসদার ননদ ও গ্রামের নারী নেত্রী রুমালী হাসদা, গ্রাম্য মোড়ল চানু হাসদা, রাজেন হাসদা, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, সাংবাদিক আবুল হায়াত শাহিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ মহতী উদ্যোগ দেখে আমাদের খুব ভালো লাগছে। এটি শিক্ষার্থীদের মানবিক দিক প্রকাশ করে। তারা বড় হয়ে ভালো ও মানবিক মানুষ হয়ে উঠুক এ কামনা করি। আজকের এ টাকার বাইরে বাসন্তির চিকিৎসার জন্য হয়তো আরও অর্থ প্রয়োজন হবে। সমাজের বিত্তবান মানুষজন এগিয়ে আসুক এ কামনা করি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের একটি ভালো উদ্যোগ ‘স্বাস্থ্যসেবা মাটির ব্যাংক’। এ উদ্যোগটি নিতে উৎসাহিত হয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী-পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সম্পর্কিত কার্যক্রম দেখে। এ মাটির ব্যাংকে প্রতি বৃহস্পতিবার টিফিনের পয়সা বাঁচিয়ে শিক্ষার্থীরা জমা দেয় টাকা। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও সেই মাটির ব্যাংকে জমা দেন টাকা। শিক্ষার্থীরা নি¤েœ পাঁচ টাকা ও শিক্ষকবৃন্দ ১০ টাকা বা তদুর্ধ্ব পরিমাণ টাকা জমা দেয়। উদ্দেশ্য, দরিদ্র সহপাঠীদের মধ্যে কেউ বা তাদের পরিবারের সদস্যদের কেউ অসুস্থ্য হলে চিকিৎসার জন্য সেই মাটির ব্যাংকের টাকা তুলে দেয়া। শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ে আগত অতিথিরাও এ উদ্যোগটির কথা জানতে পেরে কিছু সহায়তা করে থাকেন। প্রায় দেড় বছর ধরে আমরা টাকা জমা করছিলাম। প্রথমবারের মত আজ সেই জমানো টাকা ভালো কাজে ব্যবহার করতে পেরে ভালো লাগছে। আমাদের এ উদ্যোগ চলমান থাকবে।

তিনি আরও বলেন, এ প্রত্যন্ত এলাকার মানুষজনের অধিকাংশই দরিদ্র পরিবারের। তবুও শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ আশাব্যঞ্জক। এ ভালো কাজে অংশ নেয়ার জন্য আমরা শিক্ষার্থী ও পরিবারদের প্রতি কৃতজ্ঞ।

সহপাঠীর মায়ের চিকিৎসায় নিজেদের জমানো টাকার মাটির ব্যাংক তুলে দিল শিক্ষার্থীরা