Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১১ এপ্রিল ২০২৬ | ০১:০১ অপরাহ্ন

রাজশাহীতে স্কিলস ও ইনোভেশন প্রতিযোগিতা: কারিগরি শিক্ষায় জোর বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

ছোটন সরদার ১১ এপ্রিল ২০২৬

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। শনিবার (১১ এপ্রিল) সকালে শহীদ ওসমান বিন হাদী অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও জাতি গঠনের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, “মন্ত্রী আসেন ও যান, কিন্তু আমাদের সবারই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করতে হয়। তাই শুধু আমি নয়, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।”

সকাল ৮টা ৪৫ মিনিটে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে পৌঁছে মন্ত্রী ৯টা ২৫ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত ‘আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫’ শীর্ষক সেমিনারে অংশ নেন। পরে তিনি প্রতিষ্ঠান প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন এবং সকাল ১০টা ৫০ মিনিটে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শহীদ কামরুজ্জামান চত্বর পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ১৫০০ থেকে ১৬০০ শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া (এনডিসি), কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মো. আক্কাস আলী, রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু হানিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সেমিনারে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান। এ সময় শিক্ষার্থীরা অনিয়মিত ক্লাস, পরীক্ষা গ্রহণে বিলম্ব এবং কারিকুলাম ও সিলেবাসের অসামঞ্জস্যতার বিষয়গুলো তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি পাবে। তবে সেই বাজেট কার্যকরভাবে ব্যবহার করতে হলে কোথায় ব্যয় করা হবে, তা সঠিকভাবে নির্ধারণ করতে হবে। তিনি বিশেষভাবে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, “কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। এই শিক্ষার মাধ্যমেই দেশের উন্নয়নে নতুন বিপ্লব ঘটানো সম্ভব।”

অনুষ্ঠানটি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে উৎসাহ জোগাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

ছবি - ছোটন সরদার