Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৯ এপ্রিল ২০২৬ | ১১:৩৬ পূর্বাহ্ন

আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ

অনলাইন ডেস্ক ২৯ এপ্রিল ২০২৬

নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ এ রায়কে ঘিরে জেলায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ মামলার রায় ঘোষণা করবেন বলে সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে। এর আগে গত ১৫ এপ্রিল রায় ঘোষণার তারিখ নির্ধারণ হলেও তা পিছিয়ে যায়। সর্বশেষ আজকের দিন ধার্য করা হয়।

মামলার প্রধান আসামি আব্দুর রহিম রনিকে আদালতে হাজির করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রায়কে ঘিরে নোয়াখালীসহ সারা দেশে সাধারণ মানুষের নজর এখন আদালতের দিকে।

জানা গেছে, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর শহরের একটি বাসা থেকে অদিতার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তদন্তে উঠে আসে, অদিতার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনি তাকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে নির্মমভাবে হত্যা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করলে জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন। মামলায় বাদীপক্ষের ৪১ জন ও আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য করেন।

নিহত তাসনিয়া হোসেন অদিতা নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা। তার বাবা মৃত রিয়াজ হোসেন এবং মা রাজিয়া সুলতানা স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।

অদিতার মা রাজিয়া সুলতানা বলেন, আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি খুনির সর্বোচ্চ শাস্তি চাই। দ্রুত রায় কার্যকর হলে অন্য মেয়েরা নিরাপদ থাকবে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর বলেন, আমরা ন্যায়বিচারের প্রত্যাশা করছি। আদালত সব সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে রায় দেবেন।

--সংগৃহীত ছবি