Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৯ এপ্রিল ২০২৬ | ০৭:১১ অপরাহ্ন

কার্বাইডে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ, ধ্বংস

অনলাইন ডেস্ক ২৯ এপ্রিল ২০২৬

সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত আম ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জব্দ করা আমগুলো সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় পৌরসভার আবর্জনার ভাগাড়ে নিয়ে ধ্বংস করা হয়।

এরআগে, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫১ ক্যারেটে প্রায় ৯ হাজার কেজি আম জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মুনাফালোভী ব্যবসায়ীরা অপরিপক্ব আমে বিষাক্ত কার্বাইড মিশিয়ে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল। এসব আম বাজারে পৌঁছালে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতো।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

--সংগৃহীত ছবি