Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৯ মে ২০২৬ | ০৬:০১ অপরাহ্ন

যমুনা সেতুতে বাস-ট্রাক সংঘর্ষ, দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক ০৯ মে ২০২৬

যমুনা সেতুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মালবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত আট থেকে ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

শনিবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বগুড়াগামী ‘রানী’ পরিবহনের একটি বাস সেতু পার হওয়ার সময় সামনে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ এবং ট্রাকের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর সেতুর ওপর যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। একপর্যায়ে উত্তরবঙ্গমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেতুর এক পাশে আটকে পড়ে শত শত বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকে থেকে ভোগান্তিতে পড়েন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেয়। এ ঘটনায় আট থেকে ১০ জন আহত হয়েছেন। আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে কেউ নিহত হননি। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

--সংগৃহীত ছবি