
টলিউডে তিনি ‘বস’। কিন্তু এবার কি রাজনীতির ময়দানেও নতুন ইনিংস শুরু করতে চলেছেন জিৎ? পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অভিনেতার উপস্থিতি ঘিরে এখন তুমুল আলোচনা নেটপাড়ায়।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় শনিবার (৯ মে) সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হয় পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। ঐতিহাসিক এই আয়োজনে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। আর সেই মঞ্চেই দেখা গেল টলিউড সুপারস্টার জিৎকে।
পরনে ধবধবে সাদা কুর্তা-পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস। কড়া নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন অভিনেতা। আর সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন জল্পনা তাহলে কি এবার রাজনীতির রঙ লাগল জিতের গায়েও?
ভোটের সময় থেকেই অভিনেতার কিছু মন্তব্য নিয়ে আলোচনা ছিল। ভোট দেয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, “৪ তারিখে কী হচ্ছে, আগে দেখে নিন…”। এরপর নির্বাচনের ফল প্রকাশের দিনই বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন জিৎ। সেখানে তিনি লেখেন, বাংলার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য বিজেপিকে শুভেচ্ছা। আশা করি এই জয় বাংলার উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আসবে।
এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি অভিনেতা গেরুয়া শিবিরের যুক্ত হচ্ছেন। রাজনৈতিক বা শিল্পী মহলের বিভিন্ন আন্দোলনে বরাবরই নিজেকে কিছুটা আড়ালেই রেখেছেন জিৎ। সম্প্রতি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর বিচার দাবিতে টলিউডের অনেক তারকাকে সরব হতে দেখা গেলেও সেখানে দেখা যায়নি তাকে। ফেডারেশন বা আর্টিস্ট ফোরামের সভাতেও খুব একটা উপস্থিত থাকেন না অভিনেতা। বরাবরই নিজস্ব ছন্দে চলেছেন তিনি।