
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন পাঁচ সদস্যের একটি চীনা চিকিৎসক প্রতিনিধিদল। সোমবার (১১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তারা। এ সময় চিকিৎসক ও নার্সদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণসহ স্বাস্থ্যখাতে বাংলাদেশ-চীন সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি সকাল ৮টা ৫০ মিনিটে হাসপাতালে পৌঁছে প্রথমে পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তারা হাসপাতালের আইসিইউ, অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন। হাসপাতালের সেবার মান, চিকিৎসা কার্যক্রম এবং জনবল সক্ষমতা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা।
পরিদর্শন শেষে সকাল ১০টা ৫০ মিনিটে প্রতিনিধিদলটি পুঠিয়া উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। পরে পুনরায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফিরে এসে দুপুর ১টা ২৫ মিনিট থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত হাসপাতালের কনফারেন্স রুমে দ্বিপাক্ষিক আলোচনা সভায় অংশ নেয়। সভায় চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী জেলার সভাপতি ডা. মো. ওয়াসিম হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারেক (সাবু), ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রাজশাহী জেলার সেক্রেটারি ডা. মোর্শেদ জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি ফাতেমাতুজ জোহরা এবং রাজশাহীর সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিমসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘Establishment of a 1,000-bed Bangladesh-China Friendship Hospital’ শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে চীনা প্রতিনিধিদলটি বাংলাদেশ সফর করছে। স্বাস্থ্যখাতে দুই দেশের সহযোগিতা জোরদার এবং উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবা পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে তারা বিভিন্ন জেলা পরিদর্শন করছেন।