
গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে রুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশন (রেজা) এর পূর্ণাঙ্গ কমিটিতে রুয়েটের তিনজন শিক্ষককে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ "রুয়েট জাতীয়তাবাদী স্পন্দন" থেকে প্রচার করা হয়। এতে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২১ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পহেলা জানুয়ারি ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৭ মেয়াদের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। জানা যায়, কমিটিতে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রুয়েটের বিভিন্ন বর্ষের সাবেক শিক্ষার্থীরা স্থান পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে উপদেষ্টা হিসেবে রুয়েটের যে তিন শিক্ষকের নাম রয়েছে, তারা হলেন রুয়েটের বর্তমান উপাচার্য ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক (ব্যাচ-৯১); রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার এবং জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন (ব্যাচ-৯৪)।
তাদের এই পদ প্রাপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে রুয়েট শিক্ষার্থীদের একাংশ কে উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছে। অপর দিকে শিক্ষার্থীদের অনেক কে রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে এ ধরনের কমিটি তে পদ পাওয়ায় পুনরায় রুয়েটে রাজনীতি প্রবেশের উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে।
উল্লেখ্য, ১০ আগস্ট ২০২৪ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে রুয়েট ক্যাম্পাসে সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্মরত শিক্ষকদের একটি রাজনৈতিক সংগঠনের উপদেষ্টা পদে অন্তর্ভুক্তি নিষেধাজ্ঞার নীতির সাথে সাংঘর্ষিক কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।