Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৩ মে ২০২৬ | ০৫:২০ অপরাহ্ন

ফ্লাইওভার থেকে মরদেহ উদ্ধার, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

অনলাইন ডেস্ক ১৩ মে ২০২৬

চট্টগ্রামের সাগরিকা এলাকায় ফ্লাইওভারের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় মো. আবু কায়সার (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আবু কায়সার নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি বিএসআরএমে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত কায়সারকে আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বলে দাবি করা হলেও পুলিশ তার রাজনৈতিক পরিচয়ের সত্যতা পায়নি।

ঘটনাস্থল থেকে কিছু দূরে থাকা একটি সিসিটিভি ক্যামেরার অস্পষ্ট ফুটেজে দেখা গেছে, এক যুবক হেঁটে ফ্লাইওভারের এক পাশ থেকে আসছেন। পরে কিছুক্ষণ তিনি রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। প্রায় তিন থেকে চার মিনিট সেখানে অবস্থান করার পর তাকে রেলিংয়ের ওপর বসে থাকতে দেখা যায়। এরপর তিনি ক্যামেরায় হঠাৎ অদৃশ্য হয়ে পড়েন।

চট্টগ্রাম মহানগর পুলিশের পশ্চিম জোনের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, সিসিটিভি ফুটেজে তাকে একাই ফ্লাইওভারের দিকে যেতে দেখা গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদনে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

--সংগৃহীত ছবি