
শিক্ষকদের রাজনৈতিক পরিচয়ে পরিচিত হওয়া যাবে না, শিক্ষকদের পরিচয় হবে সমাজের ধারক এবং বাহক হিসেবে- শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে এমন মন্তব্য করেছেন নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
নওগাঁর নিয়ামতপুরে শনিবার (১৬ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি নিয়ামতপুর উপজেলা শাখা এই সংবর্ধনার আয়োজন করে।
তিনি আরও বলেন, 'আমি এই আসনের সকলের সংসদ সদস্য, আমার কাছে আসতে বা কথা বলতে কোন মাধ্যম দরকার নাই। শিক্ষক সমাজই পারেন এই সমাজ ব্যবস্থাকে বদলে দিতে। আপনারা আপনাদের এই পেশার সাথে সাথে সমাজের জন্য একটু করে কাজ করেন তাহলে আপনাদের সম্মান ও বৃদ্ধি হবে।'
তিনি আরও বলেন, 'আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে পর্যবেক্ষণ করছেন এবং খুব দ্রুতই এর সুফল শিক্ষকরা পাবেন।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. মুর্শিদা খাতুন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম; মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি নিয়ামতপুর শাখার সভাপতি গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরেন্দ্র একাডেমির প্রধান শিক্ষক নেফাউর ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন শিক্ষক সমিতির নেতারা।