
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নির্মাণাধীন সীমানাপ্রাচীরের তারকাটা চুরির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যরা। আজ রবিবার (১৭ মে) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি রাজশাহীর বোয়ালিয়া থানাধীন পঞ্চবটি গ্রামের বাসিন্দা মো. হাবিব বলে জানা গেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান জনাব আবুল হাশেম, আনসারের পিসি শাহীন আলম, এপিসি মিনহাজসহ অন্যান্য আনসার সদস্য উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে নির্মাণাধীন সীমানাপ্রাচীরের তারকাটা চুরির একটি অভিযোগ পাওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত ব্যক্তি পুনরায় চুরির উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করলে তাকে হাতেনাতে আটক করা হয়।
অধিকতর জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি আগের দিনের চুরির ঘটনাও স্বীকার করেন বলে জানা গেছে। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বে পাঁচটি মামলা রয়েছে বলেও তিনি স্বীকারোক্তি দেন।
নিরাপত্তা শাখার প্রধান জনাব আবুল হাশেম বলেন, “আজ সকালে চুরির একটি অভিযোগ সম্পর্কে অবগত হই। এরই প্রেক্ষিতে আমাদের আনসার টিমকে সতর্ক অবস্থায় প্রস্তুত রাখা হয়। আটককৃত ব্যক্তি পুনরায় চুরি করতে আসলে আমাদের আনসার সদস্যবৃন্দ তাকে আটক করে।”
রুয়েট প্রশাসনের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হলে বিকাল ৪টার দিকে মতিহার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়। এ সময় পুলিশের নেতৃত্বে ছিলেন সাব-ইন্সপেক্টর জনাব কিবরিয়া।
সাব-ইন্সপেক্টর কিবরিয়া বলেন, “৯৯৯-এ কল দেওয়ার কারণে আমরা ঘটনাস্থলে এসেছিলাম। অভিযুক্ত ব্যক্তির নামে পূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানতে পেরেছি। তাকে থানায় নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”