Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৭ মে ২০২৬ | ০৬:২৪ অপরাহ্ন

আগে জানলে উদ্বোধন করতে আসতাম না : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ১৭ মে ২০২৬

 কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের দুই উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীর ওপর সেতু আছে, কিন্তু সেতুর একপাশে ঠিকমতো সংযোগ সড়ক নির্মাণ না করায় এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বোদা উপজেলার ধরধরা ও আটোয়ারী উপজেলার ভাটিয়াপাড়া

গত শনিবার (১৬ মে) বিকেলে পানিসম্পদ প্রতিমন্ত্রী বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নের ধরধরা ও আটোয়ারী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় পঞ্চগড় জেলার দুই উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীর ওপর সেতুটির উদ্বোধন করতে গিয়ে দেখেন, সড়কের এক পাশে সংযোগ রাস্তা থাকলেও অন্য পাশে সংযোগ রাস্তা নেই। এসময় প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন।

তিনি সেতুটির নিম্নমানের কাজ ও সংযোগ সড়ক যথাযথভাবে নির্মাণ না করার অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ৯৬ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয় বলে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে সংশ্লিষ্টরা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমার জীবদ্দশায় এমন সেতু দেখিনি। সেতুটির একপাশে রাস্তা আছে। তবে একটি ভ্যান যাওয়ার মতও রাস্তা নেই। কিভাবে সম্ভব? আরেক দিকে রাস্তা করেছে ১২ ফুট, অথচ  সেতুটি নির্মাণ করা হয়েছে ১৮ ফুট। এখানে ইঞ্জিনিয়ার ও ঠিকাদার দায়ী। আগে জানলে আমি এটি উদ্বোধন করতে আসতাম না।

তিনি আরও বলেন, আমি এ বিষয়টি মন্ত্রণালয়ে জানাবো, যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ধরনের নিম্নমানের কাজ বিএনপির সরকার বরদাস্ত করবে না।

উল্লেখ্য, পঞ্চগড় জেলার বোদা ও আটোয়ারী উপজেলার টাঙ্গন নদীর ওপর দুই উপজেলার সংযোগ সেতু নির্মাণ করতে ২০২১ সালে আগস্ট মাসে কাজ শুরু হয়। মাঝে একবার মেয়াদ বাড়িয়ে এ বছর কাজ শেষ হয় সেতুটির। ৯৬ মিটার এ সেতুটি নির্মাণের চুক্তিমূল্য ধরা হয়েছে ৫ কোটি ৯৮ লাখ টাকা। সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সেতুটির সঙ্গে সংযোগ রাস্তা বরাদ্দ থাকলেও ৩ বছরেও জমি অধিগ্রহণ করতে পারেনি কর্তৃপক্ষ। তাই মোটা অংকের সরকারি টাকা খরচ করে সেতু নির্মাণ হলেও এর কোনো কাজেই আসছে না।

আরও জানা যায়, গত বছর ২০২৫ সালে ৫ মার্চ সংযোগ সড়ক নির্মাণের পর নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে এক ঠিকাদারী প্রতিষ্ঠানকে ভূমি ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.আশরাফুল ইসলাম। তিনি জানান, ঠিকাদার তো সরকারের কাছে সংযোগ সড়ক নির্মাণের জন্য অর্থ বরাদ্দ পেয়েছেন। তাহলে নদীতে অনুমোদন না নিয়ে ঠিকাদার কেন বালু উত্তোলন করলেন। এটি আইন বিরোধী হওয়ায় তাকে জরিমানা করা হয়েছিল।

ফিরে দেখা- সেতু আছে, সেতুর এক পাশের সংযোগ রাস্তা নেই,