Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৬ জুন ২০২৬ | ০৫:২৪ অপরাহ্ন

সেবা নিতে ক্লিনিকে নয়, সরকারি হাসপাতালে আসুন : এমপি ফজলে হুদা বাবুল

প্রতিনিধি,বদলগাছী (নওগাঁ): ০৬ জুন ২০২৬

চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে অপ্রয়োজনে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে না গিয়ে সরকারি হাসপাতালের সেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

শুক্রবার (৬ জুন) বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শ্রীরামপুর বাজার এলাকায় গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণকাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এমপি ফজলে হুদা বাবুল বলেন, বর্তমানে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগের তুলনায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। একই চিকিৎসকের কাছে বাইরে ক্লিনিকে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয়ের পরিবর্তে সরকারি হাসপাতালের সেবা গ্রহণে সাধারণ মানুষ উপকৃত হবেন।

তিনি বলেন, সম্প্রতি আমার মা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়েছেন। ইতোমধ্যে তিনজন নতুন চিকিৎসক হাসপাতালে যোগদান করেছেন। এছাড়া শিশু, বক্ষব্যাধি ও অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আশা করছি, আগামী কয়েক মাসের মধ্যেই এসব বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়ন হবে।


স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজনের কার্যক্রমও চলমান রয়েছে। সরকারি হাসপাতালের সেবার বিষয়ে ইতিবাচক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে এমপি বাবুল বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে এলাকার কোনো গ্রামীণ সড়ক কাঁচা থাকবে না। পর্যায়ক্রমে সব সড়ক উন্নয়ন করা হবে। একই সঙ্গে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বদলগাছী উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি। 

স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প সূত্রে জানা গেছে, মোট ১ হাজার ৫০০ মিটার এইচবিবি সড়ক নির্মাণ করা হবে। এর মধ্যে বিলাশবাড়ী ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় ১ হাজার মিটার এবং মথুরাপুর ইউনিয়নের ফয়জাবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে থুবশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৫০০ মিটার সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৩৮ হাজার টাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম এবং বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।