Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৬ জুন ২০২৬ | ০৫:৩৭ অপরাহ্ন

রোদে সড়কে হেঁটে বেড়াচ্ছে ‘জীবন্ত গাছ’

অনলাইন ডেস্ক ০৬ জুন ২০২৬

অসহ্য গরম আর তপ্ত রোদে পুড়ছে মানুষ। জলবায়ু পরিবর্তনে প্রাণ-প্রকৃতিতে বিরূপ প্রভাব। এমন পরিস্থিতিতে জীবন্ত গাছ সেজে ঘুরে বেড়াচ্ছেন এক যুবক। পথচারীদের নজরও পড়ছে তার দিকে। কেউ থেমে কথা বলছেন কেউবা ছবি তুলছেন। আর এই ‘অভিনব বৃক্ষমানব’ পথচারীদের মাঝে ছড়াচ্ছেন সচেতনতার বার্তা।

শনিবার (৬ জুন) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে নজর কাড়ে সচেতনতামূলক এই কার্যক্রম। একটি গাছ কেটে ফেললে ‘দশটি চারা রোপণ’ করার আহ্বান জানাতে অভিনব এই প্রচারণা চালাচ্ছেন রেজাউল ইসলাম রেজা।

আধুনিক নগরায়নের কারণে সড়কের দুপাশসহ সবখানে অবাধে গাছ কাটা এবং জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় যে বিপর্যয় তৈরি হয়েছে তা নিয়ে মানুষকে সচেতন করতেই এমন ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন এই যুবক। যা পথচারীসহ স্থানীয়দের বেশ কৌতূহল ও মনোযোগ আকর্ষণ করছে।

সরেজমিনে দেখা যায়, প্রেসক্লাবের সামনের সড়কে হেঁটে বেড়ানো রেজার শরীরজুড়ে আম গাছ। সেই গাছটি আবার রংপুরের জিআই পণ্যখ্যাত ঐতিহ্যবাহি হাঁড়িভাঙা আমের। সবুজ পাতায় ভরা গাছে ঝুলছে কয়েকটি আমও। পড়ন্ত দুপুরে হঠাৎ আম ধরা এমন গাছ যখন সড়কে নড়াচড়া করে হেঁটে বেড়াচ্ছে, তখন যে কারোরই নজর কাড়ার কথা। তাকে ঘিরে অনেকেই ছবি তুলছেন, কথা বলার চেষ্টা করছেন এবং অনেকে তার সঙ্গে ছবিও তুলছেন।

মাথায় বাংলাদেশের পতাকা আর শরীরজুড়ে গাছের ডালপালা ভরা এই যুবককে এক নজর ভালো করে দেখার জন্য পথচারীরা গাড়িও থামাচ্ছেন। রেজাও চেষ্টা করছেন সবার সাথে কথা বলতে, হাত নাড়িয়ে কিংবা ইশারাতে গলায় ঝুলানো প্ল্যাকার্ডে লেখাটি সবার নজরে আনতে। যাতে লেখা রয়েছে_‘যদি বাংলাদেশকে মরুভূমি বানাতে না চান, তাহলে সবাই বেশি করে গাছ লাগান’।

এমন অভিনব প্রচারণা সঙ্গে রেজাউল ইসলাম রেজা বলেন, আমাদের দেশটা একটা সবুজ গাছাগাছালিতে ভরা ছিল। গ্রামে শহরে বনায়ন ছিল চোখে পড়ার মতো। আমার এই রংপুর শহরের সড়কের দুপাশ জুড়ে শত শত গাছ ছিল। আধুনিক নগরায়নের কারণে এখন আর সেই গাছগাছালি নেই। সড়কের দুপাশ উজাড় হয়ে গেছে। গ্রামাঞ্চলে বনভূমি ও বনায়ন কমে আসছে। অবাধে গাছ কেটে ফেলায় আমাদের প্রাণ-প্রকৃতি হুমকির মুখে, জীব-বৈচিত্র্য নষ্ট হচ্ছে।

পথচারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা আগে তপ্ত গরমে সড়কের পাশে গাছের নিচে ছায়ায় দাঁড়িয়ে একটু প্রশান্তি খুঁজে নিতাম। এখন সেই প্রশান্তি নেই। অসহ্য গরমে হাঁপিয়ে উঠলেও চারপাশে তেমন বড়-বড় গাছ নেই। অথচ এই শহরটা একসময় সবুজ গাছগাছালিতে ভরা ছিল। আমরা গাছ কেটে ফেলি কিন্তু নতুন করে চারা রোপণ করি না। আপনারা একটি গাছ কাটলে অন্তত দশটি নতুন গাছের চারা রোপণ করুন। নয়তো জলবায়ুর পরিবর্তন আর বনভূমি ধ্বংস হবার প্রভাবে আমাদের এই দেশ মরুভূমিতে পরিণত হবে।

এক পথচারী তার সঙ্গে সেলফি তোলার পর ১০টি চারা রোপণের প্রতিশ্রুতি দেন। এসময় রিক্তা বেগম নামের নারী বলেন, গাছ কাটার বিরুদ্ধে যুবকের এই অভিনব প্রতিবাদ কোনো হাসির বিষয় নয়। বরং এটি সচেতনতা সৃষ্টিতে কাজ করবে। আমরা মুখে অনেক কিছু বলি কিন্তু বাস্তবে শূন্য। এখন দেশটাও যদি এভাবে গাছশূন্য মরুভূমিতে পরিণত হয়, তাহলে আমাদের ভবিষ্যত প্রজন্ম তো হুমকিতে পড়বে।

আরেক পথচারী মনজু মিয়া বলেন, শহরেও তো এখন আর আগের মতো গাছগাছালি নেই। গ্রামেও এখন একই অবস্থা। এ কারণে আমাদের সবার সচেতন হওয়া উচিত। রাস্তায় দাঁড়িয়ে রোদের মধ্যে কষ্ট করে এই ভাই (রেজা) যে প্রচারণা চালাচ্ছেন, এটা ভালো উদ্যোগ। আমিও এই বর্ষাকালে বাড়ির আশপাশে পরিত্যক্ত, ও পতিত জমিতে বেশি করে গাছ লাগাবো ইনশাআল্লাহ্।

মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত রেজাউল ইসলাম রেজা রংপুর নগরীর আমাশু কুকরুল এলাকার বাসিন্দা। সচেতন এই যুবক ফুডপান্ডায় চাকরি করেন। এর পাশাপাশি বিষয় ইস্যুতে তিনি জনসচেতনতা বাড়াতে এমন প্রচারণা চালিয়ে আসছেন। এর আগে বাল্যবিবাহ প্রতিরোধ, পরকিয়া, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, হত্যা বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতার বার্তা ছড়াতে এমন অভিনব প্রচারণা চালিয়েছেন।

এদিকে, রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ ও আবহাওয়া কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গত এক সপ্তাহ ধরে রংপুরে ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করছে। আজ শনিবার বিকেল তিনটায় ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। 

--সংগৃহীত ছবি