Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ জুন ২০২৬
০৩:৪০ অপরাহ্ন

পুষ্টিগুণে ভরপুর মানকচু

অনলাইন ডেস্ক Mankachu is full of nutrients

দেশীয় সবজির মধ্যে মানকচু একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য। সহজলভ্য এই কন্দজাতীয় সবজিতে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান, যা সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মানকচুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি ও সি রয়েছে। পাশাপাশি এটি আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাসেরও ভালো উৎস।

এতে থাকা খাদ্যআঁশ বা ফাইবার হজমশক্তি উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সহায়তা করে।

মানকচুতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ের ঘনত্ব বৃদ্ধি এবং দাঁতের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় ক্ষয়ের ঝুঁকি কমাতে ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখা প্রয়োজন, আর সেক্ষেত্রে মানকচু হতে পারে ভালো একটি বিকল্প।

মানকচুর প্রদাহনাশক গুণ শরীরের বিভিন্ন ধরনের ফোলাভাব ও ব্যথা কমাতে সাহায্য করতে পারে।

দীর্ঘদিন ধরে লোকজ চিকিৎসায় বাতের ব্যথা উপশমেও এর ব্যবহার হয়ে আসছে।

আয়রনের ভালো উৎস হওয়ায় মানকচু রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সহায়ক। তাই যারা রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ায় ভুগছেন, তাদের জন্য এটি উপকারী খাদ্য হিসেবে বিবেচিত হতে পারে।

মানকচুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে এটি পরোক্ষভাবে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতেও সহায়ক হতে পারে।

ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় মানকচু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। নিয়মিত পরিমিত পরিমাণে খেলে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে শরীরকে শক্তিশালী রাখতে সাহায্য করতে পারে।

বিশেষজ্ঞরা জানান, মানকচুতে ক্যালসিয়াম অক্সালেট নামের একটি উপাদান থাকে, এর কারণে অনেক সময় গলা চুলকাতে পারে। তাই রান্নার সময় লেবুর রস, তেঁতুল বা অন্য কোনো টক উপাদান ব্যবহার করলে এ সমস্যা অনেকটাই কমে যায়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সুষম খাদ্যতালিকায় মানকচুর মতো পুষ্টিকর দেশীয় সবজি অন্তর্ভুক্ত করলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় এবং নানা স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়তা করে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news