Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১১ জুন ২০২৬ | ০১:১৪ অপরাহ্ন

চলন্ত মোটরসাইকেল ছিনিয়ে নিতে ইট দিয়ে আঘাত, যুবক আহত

অনলাইন ডেস্ক ১১ জুন ২০২৬

রাজধানীর মিরপুরের কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপের ঘটনায় রাফি নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১০ জুন) রাত সোয়া ১টার দিকে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী সড়কে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় রাফিকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়।

আঘাতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। পরে ইট নিক্ষেপকারীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে হামলাকারীরা দাবি করে, ভবনের ওপর থেকে ইট পড়ে ওই দুর্ঘটনা ঘটেছে। একই সময়ে আরেক ব্যক্তি ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি সরিয়ে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান জানান, রাত ১২টার দিকে একদল লোক মোটরসাইকেলচালক রাফিকে ধাওয়া করে। তাদের ধাওয়া খেয়ে পালানোর চেষ্টা করলে একজন তাকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে হামলাকারীরাই তাকে হাসপাতালে নিয়ে যায়।

তিনি বলেন, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে ভুক্তভোগী ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে তিনি নিশ্চিত নন।

পুলিশ জানায়, আহত যুবক ও হামলাকারীরা একে অপরের পূর্বপরিচিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির হোসেন বলেন, হামলাকারীরাই আহত বাইকারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। মোটরসাইকেলটিও তারা সরিয়ে নেয়।

তিনি বলেন, এটি কোনো সাধারণ ছিনতাইয়ের ঘটনা নয়, বরং পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তারা সবাই নজরদারিতে রয়েছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

--সংগৃহীত ছবি