Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১২ জুন ২০২৬ | ০২:০৮ পূর্বাহ্ন

২০২৬ বিশ্বকাপের প্রথম গোলদাতা মেক্সিকোর কুইনোনেস

বিজয় বাংলা ১২ জুন ২০২৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গোল করে ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম গোলদাতার গৌরব অর্জন করলেন মেক্সিকোর স্ট্রাইকার হুলিয়ান কুইনোনেস। স্বাগতিক দেশের হয়ে বিশ্বকাপের প্রথম গোলটি করে ইতিহাস সৃষ্টি করলেও, এই তারকার জন্ম কিন্তু মেক্সিকোতে নয়, বরং কলম্বিয়ায়।


কলম্বিয়ার মাগুই পাইয়ানে জন্ম নেওয়া হুলিয়ান কুইনোনেসের ফুটবলের হাতেখড়ি হয়েছিল কালির একটি অপেশাদার ক্লাব 'ফুতবল পাজ'-এ। তবে পেশাদার খেলোয়াড় হিসেবে তার ক্যারিয়ার শুরু হয় মেক্সিকোর ক্লাব 'তিগ্রেস'-এর হয়ে।


এটিই ছিল মেক্সিকান ফুটবলে কুইনোনেসের দীর্ঘ পথচলার সূচনা। এরপর তিনি ভেনাদোস, বুয়াপ, আতলাস এবং আমেরিকার মতো মেক্সিকান ক্লাবগুলোতে দাপটের সঙ্গে খেলেন।

পরবর্তীতে ২০২৪ সালে তিনি সৌদি আরবের লিগের ক্লাব আল-কাদসিয়াহ-তে যোগ দেন এবং বর্তমানে সেখানেই খেলছেন।

ক্যারিয়ারের শুরুতে কলম্বিয়ার অনূর্ধ্ব দলগুলোতে খেলার সুযোগ পেলেও, দেশটির মূল জাতীয় দলে কখনো ডাক পাননি কুইনোনেস।


২০২৩ সালে যখন শেষ পর্যন্ত কলম্বিয়া জাতীয় দল থেকে তাকে ডাক দেওয়া হয়, ততদিনে মেক্সিকোর হয়ে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। স্থানীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, দীর্ঘদিন নিজের জন্মভূমি থেকে অবহেলিত ও উপেক্ষিত থাকার কারণেই তিনি মেক্সিকোর নাগরিকত্ব গ্রহণ করে তাদের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।

ফুটবল বিষয়ক ওয়েবসাইট 'ট্রান্সফারমার্কেট'-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৭ নভেম্বর মেক্সিকোর জাতীয় দলের জার্সিতে কুইনোনেসের অভিষেক হয়। এরপর থেকে এখন পর্যন্ত মেক্সিকোর হয়ে ২৪টি ম্যাচ খেলেছেন তিনি। আর বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ঐতিহাসিক গোলটি সহ মেক্সিকোর হয়ে এটি ছিল তার চতুর্থ আন্তর্জাতিক গোল।

২০২৬ বিশ্বকাপের প্রথম গোলদাতা মেক্সিকোর কুইনোনেসI সংগৃহীত ছবি