Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৬ জুন ২০২৬ | ০৩:২৩ অপরাহ্ন

এলজিইডির সড়কে বড় গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ১৬ জুন ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বালুপাড়া-গোঁবরচাপা সড়কের একটি অংশ ধসে গিয়ে প্রায় এক মাস ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন এই সড়কের চকআধাইপুর গ্রামের মন্দিরসংলগ্ন স্থানে সৃষ্টি হওয়া বড় গর্তটি এখনও সংস্কার না হওয়ায় আতঙ্কের মধ্যে চলাচল করছেন এলাকাবাসী ও যানবাহন চালকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমের শুরুতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সড়কের পাশের সোল্ডার (মাটির অংশ) ধসে পড়ে। ভাঙা স্থানের নিচ দিয়ে পানি চলাচলের একটি পাইপ থাকলেও পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রবল স্রোতে সড়কের পিচঢালা অংশের একাংশ ভেঙে গভীর গর্তের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, আধাইপুর ইউনিয়নের চকআধাইপুর গ্রামে বালুপাড়া-গোঁবরচাপা সড়কের একপাশ ধসে বড় ধরনের খাদের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় গ্রামবাসী নিজ উদ্যোগে গাছের ডালপালা, শুকনো গুঁড়ি ও বালুর বস্তা ফেলে সতর্ক সংকেতের ব্যবস্থা করেছেন। তবে ভাঙনের কারণে সড়কের প্রস্থ অনেকটাই কমে গেছে। ফলে ওই স্থানে এসে যানবাহনের গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। বিপরীত দিক থেকে আসা দুটি যানবাহনের একসঙ্গে পারাপারও প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় কোনোভাবে চলাচল করা গেলেও রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সামান্য অসতর্কতায় যানবাহন গর্তে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সড়কটি দিয়ে নিয়মিত যাতায়াতকারী নেজাম উদ্দিন বলেন, এই গভীর গর্তটি এক মাসের বেশি সময় ধরে একই অবস্থায় পড়ে আছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

ভ্যানচালক শিমুল হোসেন বলেন, ভাঙা অংশটির পাশেই একটি বাঁক রয়েছে। ফলে বিপরীত দিক থেকে আসা যানবাহন আগে থেকে দেখা যায় না। সামনে গাড়ি চলে এলে আতঙ্কে থাকতে হয়। সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগুরুত্বপূর্ণ এই সড়কের ভাঙন দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। দুর্ঘটনার ঝুঁকি থাকা সত্ত্বেও দ্রুত সংস্কারের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না।

ভুক্তভোগী এলাকাবাসী ও চালকেরা যেকোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই জরুরি ভিত্তিতে সড়কটির ধসে যাওয়া অংশ স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বদলগাছী উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম বলেন, গ্রামের পানি নিষ্কাশনের সুবিধার্থে উপজেলা পরিষদের অর্থায়নে সেখানে একটি কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে সমস্যার স্থায়ী সমাধান হবে।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সংস্কার কাজের ব্যবস্থা নেওয়া হবে, যাতে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।



বদলগাছীতে ধসে যাওয়া সড়ক সংস্কারে নেই উদ্যোগ, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী