
পঞ্চগড়ের বোদায় স্কুলের নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি মঞ্চে তাঁর জন্য রাখা বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ একটি প্লাস্টিকের চেয়ারে বসেন।
গত শনিবার বিকেলে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আগে এই ঘটনা ঘটে।
প্রতিমন্ত্রীর এমন জীবনযাপন উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে।
মঞ্চে অভ্যর্থনা জানাতে আসা মানুষের উদ্দেশে হাত নেড়ে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে মঞ্চে উপস্থিত স্থানীয় বিএনপির নেতা কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিএনপির নেতাদের বসার জন্য আগে থেকেই মঞ্চে চেয়ার সাজানো ছিল। সবাই নির্ধারিত চেয়ারে বসলেও বসেননি পানিসম্পদ প্রতিমন্ত্রী, একটি প্লাস্টিকের চেয়ার আনিয়ে তাতে বসেন তিনি। সেখানে থেকেই হাস্যোজ্জ্বল মুখে মঞ্চের সামনে থাকা নেতা–কর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নাড়তে থাকেন ফরহাদ হোসেন আজাদ।
উল্লেখ্য, এদিন অনুষ্ঠানস্থলে প্রতিমন্ত্রীর বসার জন্য আলাদাভাবে একটি বড়, সুসজ্জিত ও লাল কাপড়ে মোড়ানো ফোমযুক্ত চেয়ার রাখা হয়েছিল। তবে মঞ্চে ওঠার পর তিনি ওই বিশেষ চেয়ারে না বসে সাধারণ চেয়ার আনার নির্দেশ দেন। প্রতিমন্ত্রীর নির্দেশে সেটি সরিয়ে নেওয়া হয় এবং পাশে থাকা একটি সাধারণ প্লাস্টিকের চেয়ার এনে দেওয়া হলে তিনি সেটিতেই বসে পুরো অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে প্রতিমন্ত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে বিভিন্ন স্থানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নারী-পুরুষ ফুল দিয়ে তাকে স্বাগত জানান। বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে সম্মানিত প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হয়। পরে প্রধান অতিথি একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।