Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৭ জুন ২০২৬ | ০৫:৩৩ অপরাহ্ন

আবাসন খাতে কর না কমালে অর্ধলক্ষ মানুষের কর্মসংস্থান হারানোর শঙ্কা

নিজস্ব প্রতিনিধি:- ২৭ জুন ২০২৬

আবাসন খাতে অতিরিক্ত কর ও ট্যাক্স না কমালে এই খাতের সাথে জড়িত প্রায় অর্ধলক্ষ মানুষ কর্মসংস্থান হারাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন রাজশাহীর রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন ‘রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন’ (রেডা)-এর নেতারা। তারা জানিয়েছেন, সরকারের নতুন করনীতি ও ১৫ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত এই খাতকে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলবে।

শনিবার দুপুরে রাজশাহী নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান রেডার নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা)-এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী। লিখিত বক্তব্যে তিনি বলেন, জমির মালিককে সাইনিং মানি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি এবং পরবর্তীতে বিক্রির প্রতিটি ধাপে ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে। এর ফলে জমির মালিকরা ডেভেলপারদের কাছে জমি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।

নির্মাণ ব্যয়ের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন শুল্ক ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে প্রতি টন রড উৎপাদনে খরচ প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে আবাসন উদ্যোক্তাদের নির্মাণ ব্যয় প্রতি বর্গফুটে প্রায় দেড় হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে। এছাড়া, বর্তমানে ব্যাংক ঋণের সুদের হার ১৪ থেকে ১৬ শতাংশ, যা সাধারণ ক্রেতা ও উদ্যোক্তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আবাসন খাতের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৬৯টি লিংকেজ বা সহযোগী শিল্প জড়িত। আবাসন খাত থমকে গেলে এই গোটা শিল্পখাতেই ধস নামবে।

নেতৃবৃন্দ আরও জানান, আবাসন খাত থেকে সরকার প্রতি বছর প্রায় ৩০ হাজার কোটি টাকারও বেশি রাজস্ব পেয়ে থাকে। বর্তমানে সারা দেশে এ খাতে প্রায় ৫০ লাখ মানুষ প্রত্যক্ষভাবে জীবিকা নির্বাহ করছেন। এই খাতে স্থবিরতা দেখা দিলে বিপুল সংখ্যক মানুষ কর্মসংস্থান হারিয়ে চরম বিপাকে পড়বেন। তাই এই শিল্প ও কর্মসংস্থান বাঁচাতে অবিলম্বে অতিরিক্ত কর ও ভ্যাটের হার কমিয়ে সহনীয় পর্যায়ে আনার জোর দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তৌফিকুর রহমান লাভলু সভাপতি। অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা– সিনিয়র সহ-সভাপতি। মোঃ কবির হোসেন– সহ-সভাপতি। মোঃ মেজবাউল বারী সওদাগর– সাংগঠনিক সম্পাদক। এম. এম. শিহাব পারভেজ– অর্থ সম্পাদক। মোঃ উজ্জ্বল কবির– পরিকল্পনা ও তথ্য সম্পাদক। মোঃ শফিকুল ইসলাম– দপ্তর সম্পাদক।  মোঃ মাকসুদুল ইসলাম সুমন– সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক। মোঃ আখতারুল হুদা রুমেল– প্রচার ও প্রকাশনা সম্পাদক। বি. এম. আকিবুর রহমান– পরিচালনা পর্ষদের সদস্য। মোঃ শামীমুল ইসলাম মুন– সদস্য। মোঃ আব্দুস সোবহান– সদস্য। মোঃ তরিকুল ইসলাম– সদস্য। প্রকৌশলী প্রশান্ত কুমার দেবনাথ– সদস্য। মোঃ মহসিন আলী– সদস্য এবং মোঃ ওয়াসিপ আলী– সদস্য।

রাজশাহীর রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন ‘রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন’ (রেডা)-এর নেতারা। ছবি - কাবিল হোসেন