Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৬ জুলাই ২০২৬ | ১১:৫৫ পূর্বাহ্ন

পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের উপর উল্টে পড়ল, প্রাণ গেল শিক্ষার্থীর

অনলাইন ডেস্ক ০৬ জুলাই ২০২৬

নড়াইলের লোহাগড়া উপজেলায় গভীর রাতে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতঘরের উপর উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন মিতু আহত হয়েছে।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীমা আক্তার সেতু নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। আর আহত মিতু স্থানীয় একটি নুরানী মাদরাসায় পড়াশোনা করে। এই ঘটনায় সেতুর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পারিবার সূত্রে জানা গেছে, নলদী গ্রামের কাঁচামাল দোকানদার হাফিজার মোল্যার দুই মেয়ে সেতু ও মিতু রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো বিছানায় শুয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক পথ ভুল করে সরু রাস্তায় চলে যায়। ট্রাকটি হাফিজার মোল্লার বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা টিনের ঘরের উপরে পড়ে। এসময় ট্রাকের পাথরগুলো সেতু ও মিতুর গায়ের উপর পড়ে যায়। শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে পাথর সরিয়ে তাদেরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করেন। আর ছোট বোন মিতু জেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

বিষয়টি নিশ্চিত করে নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপর ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

--সংগৃহীত ছবি