Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১০ জুলাই ২০২৬ | ০৬:৫৯ অপরাহ্ন

আল-আকসার ইমামকে আটক করল ইসরায়েল

অনলাইন ডেস্ক ১০ জুলাই ২০২৬

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদের ইমামকে আটক করেছে ইসরায়েল। পবিত্র জুমার নামাজের পর তাকে আটক করা হয়। শুক্রবার (১০ জুলাই) ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ থেকে জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেনকে আটক করে।

স্থানীয় সূত্র জানিয়েছে, শেখ মোহাম্মদ হুসেন শুক্রবার আল-আকসা মসজিদে জুমার খুতবা দেন এবং নামাজে ইমামতি করেন। এর কিছুক্ষণ পরই ইসরায়েলি সেনারা তাকে আটক করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাকে আটকের কারণ বা ইসরায়েলি বাহিনী তাকে কোথায় নিয়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ইসরায়েলের এ পদক্ষেপের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের পাঁচটি প্রদেশে হামলার পর মধ্যপ্রাচ্যের চার প্রতিবেশী দেশ কুয়েত, কাতার, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ইরানে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা এই হামলা চালানো হয়। এতে কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, কাতারে ক্ষেপণাস্ত্র হামলা-সংক্রান্ত পূর্ব সতর্কীকরণ কেন্দ্র এবং বাহরাইনে মার্কিন বাহিনীর একটি জ্বালানি ডিপোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসির এই বিবৃতির কয়েক ঘণ্টা পর কুয়েত সরকার এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে কুয়েতকে লক্ষ্য করে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। তবে সবগুলোই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা হয়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে কুয়েতে একজন নিহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

জর্ডানের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, জর্ডানের পূর্বাঞ্চলীয় শহর আজরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে সেগুলোর মধ্যে আটটিকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়। বাকি দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব না হলেও আজরাকের মার্কিন ঘাঁটিতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা।

সূত্র: ওয়াফা নিউজ এজেন্সি 

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদের ইমামকে আটক করেছে ইসরায়েল। --সংগৃহীত ছবি