Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৪ জুলাই ২০২৬ | ০৩:৫৩ অপরাহ্ন

ময়মনসিংহে চার দফা দাবিতে পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক ১৪ জুলাই ২০২৬

ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের টাউন হল মোড় এলাকায় তারা সড়ক অবরোধ করলে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

‘এইচএসসি শিক্ষার্থী’ ব্যানারে নগরের বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা টাউন হল এলাকায় জড়ো হয়ে ব্যারিকেড সৃষ্টি করেন। এ সময় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

শিক্ষার্থীদের ব্যানারে লেখা ছিল, ‘বর্তমান বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে পরীক্ষা গ্রহণ করা যাবে না।’

চার দফা দাবিতে শিক্ষার্থীরা বলেন, স্বাভাবিক আবহাওয়া ও সুস্থ পরিবেশে পরীক্ষা নিতে হবে। প্রশ্নপত্রের অযৌক্তিক মানদণ্ড রাখা যাবে না। যৌক্তিক কারণে কেউ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত থাকলে দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে। এছাড়াও এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে প্রকাশ্যে জবাবদিহি করতে হবে এবং এইচএসসি-২৬ পরীক্ষার্থীরা তা যুক্তিসংগত মনে না করলে তাকে পদত্যাগ করতে হবে।

তাদের স্লোগান ছিল, ‘নিরাপদ পরিবেশ নেই তো পরীক্ষা নেই’ এবং ‘নিরাপত্তাই সবার আগে-আমাদের নিরাপত্তা, আমাদের অধিকার।’

আন্দোলনরত শিক্ষার্থী দিদারুল ইসলাম বলেন, চট্টগ্রাম বোর্ডে বন্যা এবং দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে শিক্ষামন্ত্রী বলছেন, আমরা নাকি ফার্মের মুরগি। আমরা দেখেছি, শিক্ষার্থীরা বুকসমান পানি পেরিয়ে পরীক্ষা দিতে গেছে। মাদরাসা বোর্ডে ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিতে হয়েছে। কেন আমাদের এই কষ্ট সহ্য করতে হবে? মন্ত্রী এসি রুমে বসে আছেন, আর শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে। দেশের এমন খারাপ আবহাওয়া কি তার চোখে পড়ে না?

আরেক শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, দেশের আবহাওয়া ভালো না থাকায় আমরা চলমান পরীক্ষা স্থগিতের দাবি জানাচ্ছি। শিক্ষামন্ত্রী বলেছিলেন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করবেন। কিন্তু তিনি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না করে শুধু পরীক্ষার ব্যবস্থাই পরিবর্তন করেছেন। পরীক্ষা কেন্দ্রে কড়াকড়ি, সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে, কিন্তু শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না।

শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে দুপুর সোয়া ১টা পর্যন্ত তারা সড়কে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যান।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, যানবাহন চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। আমরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন রেখেছি, যেন পরিস্থিতির কোনো ধরনের অবনতি না ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আশা করছি- শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হবে।

--সংগৃহীত ছবি