
আজ থেকে রাজশাহীতে ১৫দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ শুরু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রাজশাহীর যৌথ উদ্যোগে নগরীর রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার সংলগ্ন নজরুল ভিলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। বর্ণাঢ্য র্যালি, বেলুন ফেস্টুন উড়িয়ে বিভাগীয় বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় ৫২ টি স্টল রয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা হতে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবায় রাজশাহীর রয়েছে নানা ক্ষেত্রে সাফল্য। আমাদের সে সাফল্যকে ধরে রাখতে হবে। রাজশাহীকে আরও সবুজ করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানকে একযোগে উদ্যোগ নিতে হবে। পরিকল্পিত নগরায়ন করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবেনা সেগুলো পরিচর্যা করতে হবে।
পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মাহফুজুর রহমান রিটন,
ডিআইজি, রাজশাহী রেঞ্জ আশিক সাঈদ, পুলিশ সুপার নাইমুল হাসান, পুলিশ কমিশনার (আরএমপি) মোঃ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ইশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে আগামী এক বছরে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দুই লক্ষ ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরমধ্যে প্রথম পর্যায়ে প্রায় লক্ষাধিক গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীর উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, মশক নিয়ন্ত্রণ, কাদামাটি অপসারণ, বৃক্ষরোপণ, সবুজায়নসহ সকল উন্নয়ন কাজ এগিয়ে নিতে নগরবাসীসহ সকলের সহযোগিতা প্রয়োজন। তবেই রাজশাহী আরও সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর নগরী রূপে গড়ে উঠবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য রাখেন বন সংরক্ষক মোঃ সুবেদার ইসলাম।নার্সারি মালিক সমিতি রাজশাহী মহানগর প্রচার সম্পাদক আয়নাল হক। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সকলকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান তারা।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা গেট থেকে শুরু হয়ে নজরুল ভিলেজে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, স্কাউট সদস্য, নার্সারি মালিক ও পরিবেশপ্রেমীরা অংশগ্রহণ করেন।