
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে সামিদুল ইসলাম (৪০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৬ জুলাই, ২০২৬) সকাল ৬টার দিকে রাজাবাড়ী চেকপোস্টের সামনে, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সামিদুল ইসলাম উপজেলার বিজয়নগর কলোনির কামাল হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সকালে রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। নিহত সামিদুল গত ২৪ জুলাই দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি। আজ সকালে পুকুরে তাঁর লাশ পাওয়া যায়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানার প্রেমতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাকছেদুর রহমান জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিহত সামিদুল ইসলাম মাদকাসক্ত এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। গত ২৪ তারিখ দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।"
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।