Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৫ আগস্ট ২০২৬ | ০২:১৬ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত॥ শহীদদের আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার

আবুল কালাম আজাদ ০৫ আগস্ট ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদা, শ্রদ্ধা নিবেদন এবং শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণের প্রত্যয়ে রাজশাহীতে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল থেকে নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং সর্বস্তরের মানুষের ঢল নামে। পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তারা গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জুলাই শহীদ সাকিব আনজুমের পিতা মো. মাইনুল হকসহ শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা।


শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। সরকার শহীদ পরিবার ও আহতদের সার্বিক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করছে।


তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন জাগ্রত হয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


এ সময় জুলাই শহীদ সাকিব আনজুমের বাবা মো. মাইনুল হক আবেগঘন বক্তব্যে বলেন, “আমি আমার সন্তান হত্যার বিচার চাই। যারা আমার সন্তানকে হত্যা করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আর কোনো বাবা-মাকে যেন এভাবে সন্তানের লাশ কাঁধে নিতে না হয়।”


রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে সরকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত শহীদ পরিবার ও আহতদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছেন। রাজশাহী সিটি করপোরেশনও তাদের সহযোগিতায় সবসময় পাশে থাকবে।


সকাল থেকেই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক হাতে সমবেত হন। শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। ছবি: বিজয় বাংলা