Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১১ আগস্ট ২০২৬ | ১২:৫৫ অপরাহ্ন

স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

অনলাইন ডেস্ক ১১ আগস্ট ২০২৬

ভারতের ক্রিকেট কিংবদন্তি এবং বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। গত কয়েক মাস ধরে একের পর এক চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।


সৌরভ গাঙ্গুলীর পরিবার ও তার ব্যক্তিগত সহকারী জানান, গত সোমবার বেঙ্গল ক্রিকেট সভাপতির কার্যালয়ে আসা একটি চিঠি খোলার পর এই হুমকির বিষয়টি প্রকাশ্যে আসে। সম্পূর্ণ ইংরেজিতে লেখা ওই চিঠিতে সৌরভ গাঙ্গুলী ও তার পরিবারকে ‘শেষ করে দেওয়া’ বা ‘নির্মূল’ করার সুস্পষ্ট হুমকি দেওয়া হয়েছে।


সৌরভ, তার স্ত্রী এবং তাদের কর্মীদের নামে আসা এসব চিঠির বিষয়ে গাঙ্গুলীর কার্যালয়ের পক্ষ থেকে কলকাতা পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


কলকাতা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং ইতোমধ্যে তদন্ত শুরু করেছি।


চিঠিগুলো বিশ্লেষণ করা হচ্ছে এবং পাঠানো ব্যক্তি বা উৎসের সন্ধান পেতে কুরিয়ার ট্রেইল পরীক্ষা করা হচ্ছে।’

গাঙ্গুলী পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত প্রায় ছয় মাস ধরেই এই ধরনের চিঠি আসছিল।


শুরুতে এগুলোকে কোনো ভক্তের অতিউৎসাহী কাণ্ড বলে এড়িয়ে যাওয়া হলেও, সম্প্রতি ঘন ঘন চিঠি আসা এবং সর্বশেষ চিঠির আক্রমণাত্মক ভাষার কারণে পরিবারটি শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয়।

ঠাকুরপুকুর থানায় আনুষ্ঠানিকভাবে এই অভিযোগটি দায়ের করা হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের নিরাপত্তা বিভাগকে বিষয়টি অবহিত করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।


বর্তমানে ভারতের সাবেক এই অধিনায়ক ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তা পাচ্ছেন। নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের পর আগে থাকা ‘জেড ক্যাটাগরি’ কমিয়ে তাকে এই ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। তবে নতুন করে এই হুমকি পাওয়ার পর সৌরভের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা ও তা বাড়িয়ে জোরদার করার দাবি জানিয়েছেন তার ভক্ত ও সমর্থকরা।


--সংগৃহীত ছবি