
নওগাঁর বদলগাছী উপজেলায় বিষধর সাপের দংশনে মানিক হোসেন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় ধানখেত থেকে বাড়ি ফেরার পথে আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার-সত্যপাড়া গ্রামের পাকা সড়কে ওঠার সময় সাপের দংশনের শিকার হন তিনি। পরে স্বজনেরা তাঁকে ওঝার কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত মানিক হোসেন উপজেলার আধাইপুর ইউনিয়নের সত্যপাড়া গ্রামের মৃত মংলার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানখেতে কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন মানিক হোসেন। কার্তিকাহার-সত্যপাড়া গ্রামের পাকা সড়কে ওঠার সময় হঠাৎ একটি বিষধর সাপ তাঁকে দংশন করে। কিছুক্ষণ পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে আক্কেলপুর উপজেলার এলাকায় এক ওঝার কাছে নিয়ে যান।
ওঝার কাছে নেওয়ার পরও তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনেরা দ্রুত তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
স্থানীয়রা জানান, সাপে দংশনের পর অনেকেই প্রথমে ওঝার কাছে যান। এতে হাসপাতালে পৌঁছাতে দেরি হয়। সাপে দংশনের পর দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার দুপুরে বলেন, খুবই দুঃখজনক ঘটনা। পরিবারের লোকজন দাফন সম্পন্ন করেছেন।