Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৯ আগস্ট ২০২৬ | ০৭:০৯ অপরাহ্ন

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও নতুন দুই মুখ

অনলাইন ডেস্ক ১৯ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় কোনো রদবদল না হলেও নতুন করে আরও দুই সংসদ সদস্যকে যুক্ত করার প্রস্তুতি চলছে। বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


সূত্রের তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি হতে পারে। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আগে কিংবা পরে তাঁদের নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।


নতুন রাষ্ট্রপতির কাছেই শপথ


রাষ্ট্রপতি নির্বাচনের পর নির্বাচিত রাষ্ট্রপতিকে নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণ করতে হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে বুধবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন।


মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া দুই সদস্যও নতুন রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 


পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে সাচিং প্রু জেরী


বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাহাড়ি এলাকার একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও পার্বত্য অঞ্চলের উন্নয়নকে গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।


এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন তিনি পদত্যাগ করেন।


প্রায় দুই মাস ধরে মন্ত্রণালয়টিতে নতুন মন্ত্রী নিয়োগের আলোচনা চলছিল। বর্তমানে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন।


ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন শামীম কায়সার লিংকন


গাইবান্ধা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এক লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ শামীম কায়সার লিংকন। কয়েক দিন ধরেই তাকে ধর্ম প্রতিমন্ত্রী করার বিষয়ে আলোচনা চলছিল।


সংশ্লিষ্ট সূত্রের দাবি, শেষ পর্যন্ত তার নামই ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।


বৃহস্পতিবার ঘোষণা হতে পারে


মন্ত্রিসভার একজন প্রভাবশালী সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, দুই সংসদ সদস্যকে মন্ত্রিসভায় যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তাঁদের নাম এবং মন্ত্রণালয়ের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে। পরে তাঁরা নতুন রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন।


তবে সরকারের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি সম্পর্কে মন্ত্রিপরিষদসচিব বলতে পারবেন।


অন্যদিকে সংসদ সদস্য সাচিং প্রু জেরীও মন্ত্রিসভায় যুক্ত হওয়ার বিষয়ে কোনো তথ্য তাঁর জানা নেই বলে জানিয়েছেন।


বর্তমান মন্ত্রিসভায় ৫০ সদস্য


বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ সুবিধাপ্রাপ্ত ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করছেন।


নতুন করে আরও দুই সংসদ সদস্য মন্ত্রিসভায় যুক্ত হলে সরকারের মন্ত্রিসভার আকার আরও বাড়বে।


রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি


এদিকে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য বঙ্গভবনে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।


সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।


রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, নতুন রাষ্ট্রপতির শপথের জন্য বঙ্গভবনে প্রস্তুতি রয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রেসসচিব এস এম রাহাত হাসনাতও জানিয়েছেন, নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের প্রস্তুতি বঙ্গভবনে চলছে।


সব মিলিয়ে নতুন দুই সংসদ সদস্যের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি এবং রাষ্ট্রপতি নির্বাচন ও শপথকে ঘিরে আগামী কয়েক দিন সরকারের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ব্যস্ততা তৈরি হতে যাচ্ছে।

--সংগৃহীত ছবি