Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ২৮ আগস্ট ২০২৬ | ০৭:২১ অপরাহ্ন

২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ, কাউন্সিলর পদপ্রার্থী বিপ্লব রহমান নাইমের ডাস্টবিন স্থাপন

জেসিকা শেখ ২৮ আগস্ট ২০২৬

‘গ্রীন সিটি’ হিসেবে পরিচিত রাজশাহী মহানগরীকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এবার নিজ ওয়ার্ডে বাস্তবমুখী উদ্যোগ নিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব রহমান নাইম। তাঁর উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টায় ভদ্রা প্রাইমারি স্কুল এলাকাসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে এসব ডাস্টবিন স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

২৬ নং ওয়ার্ডে বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান পর্যাপ্ত না থাকায় দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের একটি দৈনন্দিন সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যান এলাকায় এলে বাসিন্দারা ময়লা দিতে পারলেও ভ্যান চলে যাওয়ার পর জমে থাকা বর্জ্য ফেলার নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় অনেক ক্ষেত্রে ভোগান্তি তৈরি হতো। কোথাও কোথাও যত্রতত্র ময়লা ফেলার কারণে পরিবেশ নোংরা হওয়া, দুর্গন্ধ সৃষ্টি ও পরিচ্ছন্নতা বজায় রাখাও কঠিন হয়ে পড়ত।

এই বাস্তব সমস্যা বিবেচনায় নিয়ে কাউন্সিলর পদপ্রার্থী বিপ্লব রহমান নাইম ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেন। এর ফলে বাসিন্দারা এখন পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যানের জন্য অপেক্ষা না করে নির্ধারিত ডাস্টবিনে ময়লা রাখতে পারবেন। পরে পরিচ্ছন্নতাকর্মীরা সেখান থেকে বর্জ্য সংগ্রহ করতে পারবেন। এতে যত্রতত্র ময়লা ফেলা ও আবর্জনা জমে থাকার প্রবণতা কমার পাশাপাশি এলাকার পরিবেশ আরও পরিচ্ছন্ন থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, “যুবদল সবসময় সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় ২৬ নং ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাইমের ডাস্টবিন স্থাপনের উদ্যোগটি অত্যন্ত সুন্দর ও প্রশংসনীয়। আমরা আশা করি, এর মাধ্যমে মানুষের মধ্যে যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার সচেতনতা তৈরি হবে।”


রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, “বিপ্লব রহমান নাইম শুধু এখন নয়, বিগত সময়েও মানুষের পাশে থেকে কাজ করেছেন। করোনাকালীন সংকটের সময়ও তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। তাঁর সেবামূলক কাজ যেন আরও বেগবান হয়, সে জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।”

তিনি আরও বলেন, “আমাদের শহর আমাদেরই। তাই শহরকে সুন্দর ও পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।”

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মিলন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একটি পরিচ্ছন্ন ও সুন্দর ওয়ার্ড গড়ে তুলতে শুধু পরিকল্পনা নয়, মাঠপর্যায়ে এমন কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

উদ্যোক্তা ও ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিপ্লব রহমান নাইম বলেন, “আমি এই ওয়ার্ডেরই একজন মানুষ। এখানকার মানুষের সমস্যা আমারও সমস্যা। মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার বাস্তব সমস্যাগুলোর সমাধানে কাজ করার চেষ্টা আগেও করেছি, ভবিষ্যতেও করে যেতে চাই। পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যান চলে যাওয়ার পর ময়লা ফেলা নিয়ে মানুষের যে সমস্যা হতো, সেটি বিবেচনা করেই বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছি।”

তিনি বলেন, “রাজশাহী একটি গ্রীন সিটি। আমাদের ২৬ নং ওয়ার্ডকেও পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখতে হলে শুধু ডাস্টবিন স্থাপন করলেই হবে না, সবাইকে সচেতনভাবে এগুলো ব্যবহার করতে হবে। এলাকাবাসীর সহযোগিতা থাকলে আমরা একটি পরিচ্ছন্ন ও সুন্দর ওয়ার্ড গড়ে তুলতে পারব।”

কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বিপ্লব রহমান নাইম জানান, পরিচ্ছন্নতার পাশাপাশি ওয়ার্ডের রাস্তা সংস্কার, জলাবদ্ধতা নিরসন, পর্যাপ্ত সড়কবাতি ও নিরাপদ চলাচল, বিশুদ্ধ পানির ব্যবস্থা, যুবসমাজ ও খেলাধুলার উন্নয়ন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধান তাঁর অগ্রাধিকার পরিকল্পনার মধ্যে রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

কাউন্সিলর নির্বাচিত হওয়ার আগেই ওয়ার্ডের একটি দৈনন্দিন নাগরিক সমস্যার সমাধানে সরাসরি উদ্যোগ নিয়ে নিজের পরিকল্পনাকে মাঠপর্যায়ে কাজে রূপ দেওয়ার চেষ্টা করছেন বিপ্লব রহমান নাইম। তাঁর প্রত্যাশা, এলাকাবাসীর সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে ২৬ নং ওয়ার্ডকে পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নাঈমুর রহমান বিপ্লবের উদ্যোগে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।