
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক সুরক্ষা জোরদার এবং পরিবার থেকে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীতে Inter Community Harmony Fair-2026 আন্তঃসম্প্রদায় সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২৯ আগস্ট বিকেল চারটায় সিএমইএস ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়। MAASAUS এর আয়োজিত এ মেলায় সহায়তা করেছে The Carol Bellamy Leadership Award (CBLA)।
মেলার আলোচনা পর্বে সভাপতিত্ব করেন দূর্বার কমিটির সভাপতি ও সিএমইএসের ইউনিট ইনচার্জ মোসাঃ মহসিনা বেগম। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর ও সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মোবাররা সিদ্দিকা।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়, অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক রাজকুমার শাও, মাসাউসের নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা, ‘প্রজন্মভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি’ প্রকল্পের রাজশাহী কোয়ালিশন টিমের লিড অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি এবং কোয়ালিশন টিমের মেন্টর প্রমিলা কিস্কু। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পরিবার থেকেই পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির চর্চা গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যেই মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসীসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্মান ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার মধ্য দিয়ে একটি সহনশীল ও নিরাপদ সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানানো হয়।