Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:১৯ অপরাহ্ন

সকালে রেললাইন ভাঙন- দুপুরে লাইনচ্যুত ॥ সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী প্রতিনিধি:- ০১ সেপ্টেম্বর ২০২৬

একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীর রেল যোগাযোগ। মঙ্গলবার( ১লা সেপ্টেম্বর) সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় রেললাইন ভেঙে যাওয়ার পর প্রায় দেড় থেকে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর, দুপুরে রাজশাহীর হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আবারও সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

রেলওয়ে সূত্র ও প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে হরিয়ান স্টেশনের অদূরে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেসের ‘ট’ নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি পাবনার ঢালারচর থেকে রাজশাহীর দিকে আসছিল। দুর্ঘটনার পর যাত্রীদের নামিয়ে বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করা হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জানান, হরিয়ান স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পর প্রায় ২০০ গজ যাওয়ার পর ‘ট’ বগির চাকার সঙ্গে থাকা ট্রলি ভেঙে যায়। এতে বগিটির দুটি চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনাটি মেইন লাইনে হওয়ায় রাজশাহীর সঙ্গে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে। প্রাথমিকভাবে এতে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

সকালে লোকমানপুরে রেললাইন ভাঙন:-

এর আগে মঙ্গলবার একই দিনে ভোর সাড়ে ৬ টার দিকে  রেল যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটে। নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় এ ঘটনা ঘটে । সকালের দিকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস চলাচলের সময় ওই এলাকায় রেললাইন ভেঙে যায়। এতে রাজশাহী-ঢাকা রুটে ট্রেন চলাচল প্রায় দেড় থেকে দুই ঘণ্টা বন্ধ থাকে।

এ সময় রাজশাহী ও আব্দুলপুর স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে। যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পরে রেললাইন মেরামত করে ধীরগতিতে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

পরপর ঘটনায় রেলপথের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন:-

একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে রেললাইন ভেঙে যাওয়া এবং একটি চলন্ত ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের রেলপথ ও কোচ-ট্রলি রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে হরিয়ানের দুর্ঘটনার তাৎক্ষণিক কারণ হিসেবে ট্রেনের  বগির ট্রলি ভেঙে যাওয়ার কথা বলা হলেও এটিকে চূড়ান্ত কারণ হিসেবে দেখার সুযোগ নেই। রেলের একজন কর্মকর্তা  জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে এবং তদন্ত কমিটি গঠন করা হবে।

ফলে একই দিনে ঘটে যাওয়া দুটি ঘটনার ক্ষেত্রে রেললাইন ভাঙনের কারণ, লাইনটির রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন ব্যবস্থা এবং ঢালারচর এক্সপ্রেসের বগির ট্রলি ভেঙে যাওয়ার আগে সেটির কারিগরি পরীক্ষা যথাযথভাবে হয়েছিল কি না—এসব প্রশ্নের উত্তর তদন্তেই স্পষ্ট হওয়ার কথা।

বারবার রেল যোগাযোগ বন্ধে ভোগান্তি:-

রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন। ঢাকা, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, -ঢালারচরসহ বিভিন্ন গন্তব্যের ট্রেন এই অপাবনাঞ্চলের ওপর দিয়ে চলাচল করে। ফলে মূল লাইনে দুর্ঘটনা বা ত্রুটি দেখা দিলে এর প্রভাব দ্রুত একাধিক রুটে ছড়িয়ে পড়ে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরেও রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল। তবে ওই ঘটনায় রাজশিয়া থেকে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

এবারের ঘটনায় পরিস্থিতি আরও গুরুতর হয়েছে, কারণ লাইনচ্যুত বগিটি মেইন লাইনে থাকায় রাজশাহীর সঙ্গে একাধিক রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষের ভাষ্য, উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি সরানোর পর মেইন লাইন সচল করা হবে। তবে উদ্ধারকাজ ও পরবর্তী নিরাপত্তা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে।

ছবি - বিজয় বাংলা