
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বীরভূম জেলার রামপুরহাটে নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি ঘর থেকে ২৮ বছর বয়সী বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বিকালে মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
পারিবারিক সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃষ্টি গত কয়েক বছর ধরে বিষণ্নতায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিলো। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলাও চলছিলো বলে জানা গেছে।
এর আগে স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বৃষ্টির বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিলো। পরিবার জানিয়েছে, সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে নিয়োগসংক্রান্ত অনিয়মের পর সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ বাতিল হলে তিনি চাকরিটি হারান। বৃষ্টির মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই বৃষ্টির মৃত্যুর ঘটনা ঘটল। পাঁচবারের সাবেক বিধায়ক আশিস একটি চিরকুট রেখে গিয়েছিলেন। সেখানে তিনি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করার পাশাপাশি তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছিলো বলে দাবি করেছিলেন। পরপর দুটি ঘটনায় রামপুরহাটে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে