
ভারতের জনপ্রিয় র্যাপার বাদশার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন অভিনেত্রী ঈশা রিখী। এবার সেই সম্পর্কের বিচ্ছেদ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন তিনি। অভিনেত্রীর দাবি, সম্পর্কের সেই কঠিন সময়ে তিনি নিজেকে প্রতারিত মনে করেছিলেন।
শিগগির ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী হিসেবে পর্দায় হাজির হতে চলেছেন ঈশা। অনুষ্ঠানটির সম্প্রচারের আগে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন তিনি। সেখানেই বাদশার সঙ্গে বিচ্ছেদ এবং সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেত্রী।
মার্চ মাস থেকেই বাদশা ও ঈশার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। পরে ঈশার মা পুনম রিখী সমাজমাধ্যমে বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি প্রকাশ করলে সেই গুঞ্জন আরও তীব্র হয়। যদিও ঈশা নিজে কখনো এসব ছবি প্রকাশ করেননি।
অভিনেত্রী জানান, শুরু থেকেই তিনি নিজের সম্পর্ককে ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। ব্যক্তিগত জীবনকে কখনোই প্রকাশ্যে আলোচনার বিষয় বানাতে চাননি। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে বিষয়টি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ঈশার ভাষ্য, তিনি যাকে ভালোবাসতেন, তাকে এবং তাদের সম্পর্ক-দুটোকেই রক্ষা করার চেষ্টা করেছিলেন। দুজন মানুষের মধ্যে ঘটে যাওয়া ব্যক্তিগত বিষয়কে প্রকাশ্যে এনে নাটকের পর্যায়ে নিয়ে যেতে চাননি তিনি।
তবে তার মায়ের প্রকাশ করা বিয়ের অনুষ্ঠানের ছবিগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে একাধিকবার ঝগড়াও হয়েছিল বলে জানান ঈশা। পরে অবশ্য তিনি বুঝতে পারেন, যা হওয়ার হয়ে গেছে এবং এখন আর সেটি তার নিয়ন্ত্রণে নেই।
সেই সময়ের কথা বলতে গিয়ে ঈশা জানান, তিনি ভীষণ ভয় পেয়েছিলেন। কারণ, তার মা এক ধরনের কথা বলছিলেন, অন্যদিকে বাদশা বলছিলেন সম্পূর্ণ ভিন্ন কথা। ফলে পুরো পরিস্থিতি নিয়ে নিজেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী।
ঈশা বলেন, ‘ছবিগুলো পোস্ট হওয়ার পর আমরা অনেকবার কথা বলেছিলাম। ও আমাকে অন্য একটা ছবি দেখাচ্ছিল, যেটা আসল ছবি ছিল না। আমি নিজেকেই প্রশ্ন করছিলাম-আমি কী করে এতটা বোকা হতে পারি? ওটা আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল।’
তাকে প্রশ্ন করা হয়, তিনি কি নিজেকে প্রতারিত মনে করেন? জবাবে ঈশা বলেন, ‘প্রতারিত? হ্যাঁ, আমি প্রতারিত হয়েছিলাম।’
ঈশার এই বক্তব্যের মধ্য দিয়ে বাদশার সঙ্গে তার সম্পর্ক ভাঙার সময়কার মানসিক অবস্থার বিষয়টি সামনে এসেছে। তবে অভিনেত্রীর এমন মন্তব্যের বিষয়ে এখনো বাদশার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ব্যক্তিগত জীবনের এই অধ্যায় পেছনে ফেলে এবার নতুন যাত্রা শুরু করতে চলেছেন ঈশা। ‘বিগ বস ২০’-এর মাধ্যমে দর্শকের সামনে তার নতুন পরিচয় ও ব্যক্তিত্বের দিকটি কতটা প্রকাশ পায়, সেটিই এখন দেখার বিষয়।