Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:১৫ অপরাহ্ন

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ,৩৫ হাজার টাকা জরিমানা

মুক্তার হোসেন,গোদাগাড়ী (রাজশাহী): ০৮ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীর গোদাগাড়ীতে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। একই সাথে বাল্যবিবাহের আয়োজন ও সহযোগিতা করার অপরাধে বিয়ে পড়াতে আসা ইমাম ও বর পক্ষকে মোট ৩৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার কাঁকনহাট দরগাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁকনহাট দরগাপাড়া গ্রামে আইন অমান্য করে এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন চলছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিয়ের সব কার্যক্রম বন্ধ করে দেন।

পরবর্তীতে বাল্যবিবাহ নিরোধ আইনে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আইন অমান্য করে বিয়ে পড়ানোর উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট ইমামকে ২৫ হাজার টাকা এবং বাল্যবিবাহের আয়োজন করায় ছেলে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাল্যবিবাহের খবরটি জানতে পারি এবং তাৎক্ষণিকভাবে কাঁকনহাট দরগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করে দিই। বাল্যবিবাহের ক্ষতিকর দিক বিবেচনা করে এবং এটি প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বাল্যবিবাহের আয়োজন করা কিংবা এতে যে কোনোভাবে সহযোগিতা করা দণ্ডনীয় অপরাধ। সমাজ থেকে এই ব্যাধি দূর করতে আমরা বদ্ধপরিকর এবং গোদাগাড়ী উপজেলায় বাল্যবিবাহের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোর জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

অভিযান শেষে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আর বিয়ে দেওয়া হবে না মর্মে পরিবারের কাছ থেকে একটি লিখিত মুচলেকা নেওয়া হয়। অভিযান পরিচালনাকালে স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


রাজশাহীর গোদাগাড়ীতে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। ছবি - বিজয় বাংলা