
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেরাব হোসাইন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মেহেরাব রুয়েটের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি চাঁদপুর সদর উপজেলার পালবাজার এলাকায়।
পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে অসুস্থ হয়ে মেহেরাব কুমিল্লায় চিকিৎসা নেন। তখন তাঁর শরীরে ক্যান্সার শনাক্ত হয়নি। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে তিনি রুয়েটে ফিরে কয়েকদিন ক্লাসও করেন। তবে কয়েকদিন আগে আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তাঁর ব্লাড ক্যান্সার শনাক্ত হয়।
গতকাল মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মেহেরাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মেহেরাবের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার বন্ধু রাগিব জানান, তার অসুস্থতা ও চিকিৎসার বিষয়ে পরিবারের সঙ্গে কথা হয়। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ও অকালমৃত্যুতে পরিবার ও স্বজনরা গভীরভাবে শোকাহত।
মেহেরাব হোসাইনের রুহের মাগফিরাত কামনা করে তার পরিবার, বন্ধু ও স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন। তার মৃত্যুতে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাত নসিব করার প্রার্থনা করেছেন।