Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১০:১১ পূর্বাহ্ন

দ্রুত পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে রামেবি॥ উন্নয়নকাজ পরিদর্শনে সিন্ডিকেট, কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ

আবুল কালাম আজাদ, রাজশাহী:- ১৩ সেপ্টেম্বর ২০২৬

উত্তরাঞ্চলের চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)। সিলিন্দায় বিশ্ববিদ্যালয়ের ৬৭ দশমিক ৬৭ একর জমিতে চলমান উন্নয়নকাজ পরিদর্শন করে কাজের অগ্রগতিতে সন্তোষ জানিয়েছেন সিন্ডিকেট সদস্যরা। একই সঙ্গে দ্রুত কাজ শেষ করতে সরকারের পাশাপাশি নিজেদের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।

শনিবার (১২ই সেপ্টেম্বর) সিন্ডিকেট সভাপতি ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোহা জাওয়াদুল হক এর সভাপতিত্বে রামেবির ২১তম সভা অনুষ্ঠিত হয় এবং সভা শেষে বেলা সাড়ে ১২টার দিকে. রাজশাহী নগরীর সিলিন্দা এলাকায় রামেবির নির্ধারিত জমিতে চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা। 

এ সময় তারা প্রকল্পের বিভিন্ন কাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

পরিদর্শন শেষে সিন্ডিকেট সদস্যরা উন্নয়নকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও রামেবির সিন্ডিকেট সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, রামেবির উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নিতে সরকার ও তাঁর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ও রামেবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক নজরুল ইসলামও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দেন।

সিন্ডিকেট সদস্যরা বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় শুধু রাজশাহীর নয়, পুরো উত্তরাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গভাবে চালু হলে এ অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

এ সময় সংসদ সদস্যদ্বয় প্রধানমন্ত্রীকে রামেবি পরিদর্শনে নিয়ে আসার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।

রামেবি প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্পের অধীনে সিলিন্ডায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি ১,২০০ শয্যার দৃষ্টিনন্দন হাসপাতাল ভবন ও একাডেমিক ব্লকসহ বিশ্বমানের অবকাঠামো নির্মাণের কাজ চলমান রয়েছে। উত্তরবঙ্গের কোটি মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই মেগা প্রকল্পের জন্য সরকার বিপুল অঙ্কের বাজেট বরাদ্দ করেছে। এই বিশাল কর্মযজ্ঞের অগ্রগতি ত্বরান্বিত করতে সিন্ডিকেট সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রামেবির কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য ডা. মো. জাকির হোসেন খোন্দকার, অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম, অধ্যাপক ডা. মো. জহিরুল হক, অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদ, অধ্যাপক ডা. লিয়াকত আলী, অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং ড. মোহাম্মদ সাদিকুল ইসলাম।

এ ছাড়া রামেবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেট সভার সদস্যসচিব অধ্যাপক ডা. শাহ আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উত্তরাঞ্চলের চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)।