Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৬ অপরাহ্ন

ফ্যাসিস্ট ও গুপ্তরা পরিকল্পিতভাবে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২, সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, ফ্যাসিস্ট এবং গুপ্তরা পরিকল্পিতভাবে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে, তারা সারের সংকট ও তেলের সংকট দেখানোর চেষ্টা করছেন।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পত্র পত্রিকায় আসছে আমাদের পঞ্চগড় জেলায় সারের কোনো সংকট নেই। আমি গত সপ্তাহে এসে পঞ্চগড় জেলার সারের ডিলারদের ডেকেছিলাম। তারা আমাকে আশ্বস্ত করেছেন। ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়েছে। বর্তমান যে সব ডিলাররা আছেন, তাঁরা থাকবেন। এর পাশাপাশি প্রত্যেক ইউনিয়নে একজন করে নতুন সারের ডিলার নিয়োগ দিবে। ঐ সারের ডিলারের সাথে আরো দুইজন সাব ডিলার নিয়োগ দেওয়া হবে। আমার কৃষক যেন তার প্রয়োজনের সময়

স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে সরকারি দামে যেন সার কিনতে পারে তার নিশ্চয়তার বিধান করবো।

বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আজকে গ্রামেগঞ্জে অনেক সময় বিদ্যুৎ থাকে না। অনেকেই আমাদের সরকারকে দোষ দিয়ে থাকেন। বিগত ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতে বিভিন্ন মেগা প্রকল্প করে এত চুরি করেছেন, এত লুটপাট করেছেন। আজকে সমগ্র বাংলাদেশকে একদম তলাবিহীন ঝুঁড়িতে রূপান্তরিত করেছেন। সেই একটা অবস্থার মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। আমরা ছয় মাসের মাথায় এটা এখন পর্যন্ত শোধরাতে পারেনি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। আমরা যেভাবে সোলার প্লান্ট বাস্তবায়ন করছি ইনশাআল্লাহ এই বছরের শেষের দিকে গ্রাম পর্যায়ে আর বিদ্যুতের সমস্যা থাকবে না।


প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার জনবান্ধব সরকার। আমাদের সরকারের বয়স কেবল ছয় মাস। ১৭ বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল। যারা চুরি করে, একনায়কতন্ত্র কায়েম করে, ফ্যাসিস্ট আচরণ করে বাংলাদেশকে গণতান্ত্রহীন, তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছিলো। কাজেই এটা মেরামত করতে একটু সময় লাগবে। আমাদের কয়েকদিন সময় দেন। আমাদের প্রধানমন্ত্রী কথায় না কাজে বিশ্বাস করেন। ইনশাআল্লাহ আগামী ৬ মাসের মধ্যে আমরা তাঁর প্রতিনিধি হিসেবে প্রত্যেকটি কাজ আপনাদের বাড়ির দৌড়গড়ায় পৌঁছে দিব। আলোচনা সভা শেষে বোদা ধানহাটি থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বোদা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি ও আলোচনা সভায় জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ফ্যাসিস্ট ও গুপ্তরা পরিকল্পিতভাবে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে। ছবি: বিজয় বাংলা