
সার্ভার জটিলতার কারণে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা পড়েছেন ভোগান্তিতে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে সার্ভার জটিলতার কারণে অফিসটির নিয়মিত সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে অফিসে এসে সেবা না পেয়ে অপেক্ষা করতে হচ্ছে অনেককে।
অফিসে সেবা নিতে আসা জাহিদ আহমদ বলেন, সেবা নেওয়ার জন্য নির্ধারিত সময়ে অফিসে এসেছি। কিন্তু সার্ভার সমস্যার কারণে কাজ হচ্ছে না। কতক্ষণ পর সার্ভার ঠিক হবে, সেটিও নিশ্চিতভাবে জানতে পারছি না। এতে আমাদের সময় নষ্ট হচ্ছে।
আরেক সেবাগ্রহীতা শাহজাহান সিরাজ বলেন, আমার পরিবারের চার সদস্যের পাসপোর্ট করার কথা ছিল আজ। কিন্তু সার্ভার জটিলতার কারণে আজ পাসপোর্ট করা হচ্ছে না।
বিষয়টি গণমাধ্যেকে নিশ্চিত করে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপসহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম পাটওয়ারী বলেন, সার্ভার জটিলতার কারণে পাসপোর্ট সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর ফলে অফিসের নিয়মিত সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। সার্ভার জটিলতার কারণে সেবাগ্রহীতাদের নির্ধারিত সেবা দিতে সাময়িক অসুবিধা হচ্ছে। সার্ভার সচল হলে পাসপোর্ট সেবা কার্যক্রম চালু হবে।