
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্কুল ও কলেজ পর্যায় থেকে ১৪০ জন গুণী শিক্ষকের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্বাচিত শিক্ষকদের প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।
আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ তালিকা জমা দিতে বলা হয়েছে।
মাউশির ১৭ সেপ্টেম্বরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ বছর দেশের প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি ও বিভিন্ন বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পর্যায়ে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো আয়োজনের কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্বে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মাউশির চাওয়া তালিকায় ঢাকা জেলা থেকে সাতজন করে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক এবং দেশের অন্যান্য প্রতিটি জেলা থেকে একজন করে শিক্ষক অন্তর্ভুক্ত থাকবেন। এভাবে ৭০ জন গুণী কলেজ শিক্ষক ও ৭০ জন গুণী স্কুল শিক্ষক বাছাই করা হবে।
নীতিমালায় জাতীয় পর্যায়ে বিভিন্ন শিক্ষা স্তর থেকে মোট ১০০ জন শিক্ষককে গুণী শিক্ষক সম্মাননা দেওয়ার বিধান রাখা হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, সাধারণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায় থেকে নির্ধারিত প্রক্রিয়ায় তাদের নির্বাচন করা হবে।
শিক্ষক নির্বাচনে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে কমিটি এবং সার্চ কমিটি কাজ করবে। নির্ধারিত তথ্য ফর্মের মাধ্যমে শিক্ষকদের তথ্য সংগ্রহের পর তা যাচাই-বাছাই করা হবে। সংশ্লিষ্টদের হার্ডকপির সঙ্গে প্রয়োজনীয় সহায়ক নথি সাধারণ প্রশাসন শাখায় জমা দিতে হবে। একই সঙ্গে পূরণ করা তথ্য ফর্মের সফটকপি ই-মেইলে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বাছাইয়ের সময় শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, নৈতিকতা ও শ্রেণিকক্ষে পাঠদানের মান বিবেচনা করা হবে।
এর পাশাপাশি সময় ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা, পাঠ্যবই বা গবেষণাপত্র প্রণয়ন, শিক্ষাক্ষেত্রে অবদান এবং সমাজ সংস্কারে ভূমিকার বিষয়ও মূল্যায়নের আওতায় থাকবে।
প্রাথমিক পর্যায়ে উপজেলা ও জেলা কমিটি শিক্ষকদের বাছাই করবে। পরে জাতীয় পর্যায়ের স্টিয়ারিং কমিটি পুরো প্রক্রিয়া সমন্বয় করবে। নির্ধারিত মানদণ্ডে চূড়ান্ত যাচাই শেষে নির্বাচিত শিক্ষকদের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে সম্মাননা দেওয়ার কথা রয়েছে।