
দরজা খোলা, তাই ঘরে ঢুকলেন অজ্ঞাত এক ব্যক্তি। এরপর কপাল ও চোখে হাত দেওয়ার অভিযোগ। আর তাতেই নাকি অচেতন হয়ে পড়েন বাড়িতে একা থাকা এক নারী। জ্ঞান ফেরার পর দেখা গেল—ঘর থেকে উধাও প্রায় ২ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, ব্যাংকের স্বাক্ষর করা ফাঁকা চেকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র।
ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের কটকবাড়ী গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী পরিনা বেগম (৩৯) বদলগাছী গতকার ১৮ই সেপ্টেম্বর শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন।পরিনা বেগম ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পরিনা বেগম বাড়িতে একা ছিলেন। এ সময় দরজা খোলা পেয়ে অজ্ঞাত এক ব্যক্তি বাড়িতে প্রবেশ করেন। পরিনা বেগমের অভিযোগ, ওই ব্যক্তি তাঁর কপাল ও চোখে হাত দেওয়ার পর তিনি অচেতন হয়ে পড়েন। এরপর ওই ব্যক্তি যা বলেন, তিনি তা-ই শুনতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিনা বেগমের অভিযোগ, এ সুযোগে ওই ব্যক্তি তাঁর কাছ থেকে প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার টাকা নিয়ে যান। সঙ্গে নিয়ে যান রূপালী ব্যাংক ও কৃষি ব্যাংকের স্বাক্ষর করা দুটি ফাঁকা চেক, জাতীয় পরিচয়পত্র, স্কুল সার্টিফিকেট, জন্মনিবন্ধনসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র।
অভিযোগে আরও বলা হয়, বিকেল ৫টার দিকে পরিনা বেগমের মেয়ে ফাহিমা বেগম বাড়িতে এসে মাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। তাঁর ডাক-চিৎকারে প্রতিবেশী শাহিনা বেগম, রওশন আরা, শিফা আক্তারসহ স্থানীয় কয়েকজন সেখানে ছুটে আসেন। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।