
উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পতাকা উত্তোলন ও বেলুন উড়ানো হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল ক্রীড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে সরকার কাজ করছে। সম্প্রতি ইউনিয়ন ও বিদ্যালয় পর্যায় থেকে প্রায় ২২ লাখ শিক্ষার্থীকে ফুটবল খেলার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। শুধু ফুটবল ও ক্রিকেট নয়, দাবা, হ্যান্ডবলসহ অন্যান্য খেলায়ও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, প্রতিটি শিশু-কিশোরের আলাদা প্রতিভা রয়েছে। তাদের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ ও সুযোগ তৈরি করা গেলে ভবিষ্যতে খেলাধুলাকে পেশা হিসেবেও নেওয়ার সুযোগ সৃষ্টি হবে। ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর মতো আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক আশিক সাঈদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. শামীম আরা চৌধুরী। এছাড়া,অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হওয়া এ প্রতিযোগিতা ক্রীড়াচর্চা বাড়ানোর পাশাপাশি নতুন প্রতিভা বিকাশে ভূমিকা রাখবে।