Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৫২ অপরাহ্ন

রুয়েট শিক্ষার্থীকে প্রাইভেটকারের ধাক্কা, গুরুতর আহত

রুয়েট প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আরএইচ গেটসংলগ্ন রাজশাহী-নাটোর-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় তিনি আহত হন।

আহত শিক্ষার্থীর নাম অংকন সান্নামাত। তিনি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অংকন রুয়েটের উদ্দেশে আরএইচ গেট সংলগ্ন সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তার একটি দাঁত ভেঙে যায়। এছাড়া হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান তিনি।

দুর্ঘটনার পর দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মাথায় আঘাতের তীব্রতার কারণে তার মাথায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার সিটি স্ক্যান করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য, রুয়েটের বিভিন্ন গেটসংলগ্ন সড়কে যানবাহনের দ্রুতগতির কারণে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন শিক্ষার্থীরা। গেটগুলোর সামনে গতিরোধক নির্মাণের দাবিও দীর্ঘদিনের। শিক্ষার্থীদের দাবি, দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।