Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৪৯ অপরাহ্ন

মেসির অনুপস্থিতিতেও পরিবর্তন আসছে না আর্জেন্টিনার খেলায়

অনলাইন ডেস্ক ৩০ সেপ্টেম্বর ২০২৬

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার পর নতুন বাস্তবতার সামনে আর্জেন্টিনা। মেসিকে ছাড়া দলকে নতুনভাবে সাজানোর পরীক্ষা এখন কোচের সামনে। তবে বিশ্বচ্যাম্পিয়নদের মূল খেলার দর্শন বদলানোর কথা ভাবছেন না লিওনেল স্কালোনি।

বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে স্কালোনি জানিয়েছেন, মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনা ভিন্নভাবে খেলতে পারে। তবে বল দখলে রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করাই থাকবে দলের মূল দর্শন।

তিনি বলেন, 'আমরা ভিন্নভাবে খেলার একটি উপায় খুঁজে নেব। এই ম্যাচগুলোই পরীক্ষা-নিরীক্ষার জন্য। তবে আমাদের মূল স্টাইল থাকবে বল নিয়ন্ত্রণ করা।'

মেসি-পরবর্তী প্রথম পরীক্ষায় নতুনদেরও সুযোগ দিতে চান আর্জেন্টিনা কোচ। নিকো পাজ, রোমান ভেগা, সান্তিয়াগো কাস্ত্রো ও ভ্যালেন্তিন বারকোর মতো খেলোয়াড়দের সামনে তাই নিজেদের প্রমাণের সুযোগ।

তবে মেসির জায়গা কোনো একজন খেলোয়াড় দিয়ে পূরণ করার পরিকল্পনা নেই স্কালোনির। তার মতে, মাঠের অবদানের পাশাপাশি নেতৃত্ব ও দলের ভেতরের প্রভাবের দিক থেকে মেসির বিকল্প পাওয়া সম্ভব নয়। তাই নতুন অধ্যায়ে দায়িত্ব ভাগ করে নেওয়ার দিকেই নজর আর্জেন্টিনার।

অধিনায়কত্বেও আসছে পরিবর্তন। মেসি ও নিকোলাস ওতামেন্দির পর নেতৃত্বের প্রথম পছন্দ ক্রিশ্চিয়ান রোমেরো। এরপর এমিলিয়ানো মার্তিনেজ ও লাওতারো মার্তিনেজকে রাখা হয়েছে নেতৃত্বের তালিকায়।

মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সিও আপাতত খালিই থাকছে। স্কালোনি জানিয়েছেন, এই জার্সির বিশেষ মর্যাদা বিবেচনায় এখনই কাউকে সেটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

--সংগৃহীত ছবি