
রাজশাহী রেলওয়ে স্টেশনে সম্প্রতি ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে এবং কাউকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।
বৃহস্পতিবার (১ অক্টোবর ) সন্ধ্যা ৭টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের সার্বিক পরিস্থিতি, যাত্রীসেবা ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো সরেজমিনে পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, রাজশাহী ঐতিহ্যগতভাবেই একটি শান্ত ও সম্প্রীতির শহর, যেখানে সব শ্রেণির মানুষ মিলেমিশে বসবাস করে। কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে উসকানি দিয়ে রেলওয়ে স্টেশনের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি সম্পদ কোনো ব্যক্তিস্বার্থের বস্তু নয়, বরং এটি জনগণের সম্পদ; নষ্ট করার অধিকার কারোরই নেই।
ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও জানান, স্টেশনে বিশৃঙ্খলা ও সরকারি সম্পদে হামলা চালিয়ে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে পুরো ঘটনার সত্যতা উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া মাত্রই দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ জোরদার করা হবে।
স্টেশন পরিদর্শনকালে ভূমিমন্ত্রী প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, ভাঙচুর হওয়া বিভিন্ন জিনিসপত্র, অপেক্ষাকক্ষ(বিশ্রামাগার) ও যাত্রী লাউঞ্জ ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত অংশগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সহসভাপতি আসলাম সরকার ও ওয়ালিউল হক রানা, পশ্চিম রেলের নিরাপত্তা বাহিনীর চীফ কমান্ডেন্ট আশাফুল ইসলাম, রাজশাহী রেল স্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার ময়েন উদ্দিন আজাদ, প্রধান বুকিং সহকারী আব্দুল মমিন, উপস্থিত ছিলেন।
তবে এ সময় পশ্চিম রেলের কোন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখা যায়নি।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কতিপয় উশৃংখল শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেলওয়ে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর চারজনকে বরখাস্ত করেছে এবং স্টেশনে হামলার দায়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজশাহী রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
উল্লেখ্য রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলার ঘটনার সময় ভূমিমন্ত্রী ঢাকায় অবস্থান করছিলেন; বৃহস্পতিবার রাতে রাজশাহী ফিরে তিনি সরাসরি স্টেশন পরিদর্শনে যান।