Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৩ অক্টোবর ২০২৬ | ০৬:৫৩ অপরাহ্ন

মাদকের বিরুদ্ধে মাইক, বাল্যবিয়ের বিরুদ্ধে আওয়াজ—ইমাম-মোয়াজ্জিনদের মাঠে নামার আহ্বান

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ০৩ অক্টোবর ২০২৬

মসজিদে আজান হয়, নামাজ হয়, ওয়াজও হয়। কিন্তু মসজিদের আশপাশেই যদি মাদকের আড্ডা জমে আর কারও মেয়ের বয়স হওয়ার আগেই বিয়ের আয়োজন শুরু হয়ে যায়, তাহলে শুধু নামাজের সময় ডাক দিলেই তো দায়িত্ব শেষ হয় না—সামাজিক সমস্যার বিরুদ্ধেও আওয়াজ তুলতে হয়।

নওগাঁর বদলগাছীতে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

শনিবার ৩ই অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইমাম ও মোয়াজ্জিনদের নিয়ে মাদক প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, মাদক প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। শুধু প্রশাসনের অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়; সমাজের ভেতর থেকেই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বাল্যবিয়েও সমাজের জন্য বড় সমস্যা। যে বয়সে শিশুর হাতে থাকার কথা বই-খাতা, সেই বয়সে যদি বিয়ের শাড়ি তুলে দেওয়া হয়, তাহলে শিক্ষা ও স্বাভাবিক বিকাশ—দুটিই বাধাগ্রস্ত হয়।

সংসদ সদস্য বলেন, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, প্রশাসনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সমাজে ইমাম ও মোয়াজ্জিনদের গ্রহণযোগ্যতা ও প্রভাব রয়েছে। তাঁরা ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে ভূমিকা রাখলে মাদক ও বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সভায় স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের করণীয় নিয়ে বক্তব্য দেন এবং বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

ইসলামিক ফাউন্ডেশন, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিনরা সভায় উপস্থিত ছিলেন।


মাদকের বিরুদ্ধে মাইক, বাল্যবিয়ের বিরুদ্ধে আওয়াজ—ইমাম-মোয়াজ্জিনদের মাঠে নামার আহ্বান