
রাজশাহী মহানগরীকে আরও টেকসই, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রতিনিধি দলের মধ্যে এক দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে নগর ভবনের ‘সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে’ ‘নর্থ বেঙ্গল সিটি লিভ্যাবিলিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ২০২৮’-এর আওতায় প্রকল্পের পরিধি নির্ধারণী (Project Scoping Mission) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, "নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপে সহযোগিতার হাত বাড়ানোয় এডিবিকে ধন্যবাদ জানাচ্ছি। রাজশাহী মহানগরীকে একটি নিরাপদ ও টেকসই নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এ পথচলায় এডিবিকে পাশে পাব বলে আশা রাখি।"
সভায় নগরীর সামগ্রিক অবকাঠামো উন্নয়ন, আধুনিক বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনা, পর্যটন, আবাসন এবং সুয়ারেজ ব্যবস্থার সার্বিক উন্নয়নে যৌথ পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। রাসিকের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন নির্বাহী প্রকৌশলী মো. জসীম উদ্দীন আরজু।
এডিবি’র ওয়াটার অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট সেক্টরের মিশন টিম লিডার ও আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট দাওয়া চোকির নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিনিয়র প্রজেক্ট অফিসার মো. এসএ আবদুল্লাহ আল মামুন, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অ্যালান থমাস কেলি এবং এক্সপার্ট মো. মোহাম্মদ ইমতিয়াজ শরীফ।
এছাড়াও রাসিকের পক্ষে সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম এবং প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-সাঈদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে এডিবি প্রতিনিধি দল নগর ভবনে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সভা শেষে টিম লিডার দাওয়া চোকির হাতে রাসিকের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন প্রশাসক।