Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৫ অক্টোবর ২০২৬ | ১২:১৯ অপরাহ্ন

সন্তানের হোয়াটসঅ্যাপ ব্যবহারের লাগাম এবার বাবা-মায়ের হাতে

অনলাইন ডেস্ক ০৫ অক্টোবর ২০২৬

স্মার্টফোন এখন শিশু-কিশোরদের পড়াশোনা ও যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এর সঙ্গে বাড়ছে মেসেজিং অ্যাপ ব্যবহারের প্রবণতাও। সন্তান কার সঙ্গে যোগাযোগ করছে বা কোন কোন গ্রুপে যুক্ত হচ্ছে এ নিয়ে অনেক অভিভাবকেরই উদ্বেগ থাকে। সেই বিষয়টি মাথায় রেখে কিশোর-কিশোরীদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোলস চালু করেছে হোয়াটসঅ্যাপ।

নতুন এই ব্যবস্থায় অভিভাবকরা সন্তানের হোয়াটসঅ্যাপ ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ গোপনীয়তা ও যোগাযোগের সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে এর জন্য সন্তানের ব্যক্তিগত চ্যাট পড়ার প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারটি অভিভাবক ও কিশোর-কিশোরীরা একসঙ্গে সেটআপ করতে পারবেন এবং এটি পুরোপুরি ঐচ্ছিক।

কী কী নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা?

নতুন প্যারেন্টাল কন্ট্রোলসের মাধ্যমে অভিভাবকরা ঠিক করে দিতে পারবেন, সন্তানের প্রোফাইল ছবি কারা দেখতে পারবেন এবং কারা তাকে হোয়াটসঅ্যাপের গ্রুপে যুক্ত করতে পারবেন। সন্তান নিজে থেকে এসব সেটিংস আরও শিথিল করতে চাইলে অভিভাবকের নির্ধারিত পিনের মাধ্যমে অনুমতি নিতে হবে।

সন্তান কোন গ্রুপে যুক্ত হচ্ছে বা কোনো গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছে, সে বিষয়েও অভিভাবকরা নোটিফিকেশন পাবেন। এমনকি সন্তান যে গ্রুপে রয়েছে, সেটির সদস্যসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলেও সতর্কবার্তা পাওয়ার ব্যবস্থা থাকছে।

শুধু গ্রুপ নয়, হোয়াটসঅ্যাপের চ্যানেলস ও স্ট্যাটাস ব্যবহারের ক্ষেত্রেও কিছু নিয়ন্ত্রণের সুযোগ থাকবে। অভিভাবকরা ঠিক করতে পারবেন, সন্তান কীভাবে চ্যানেলস ব্যবহার করবে এবং কার স্ট্যাটাস দেখতে বা নিজের স্ট্যাটাস কারা দেখতে পারবে। পাশাপাশি সন্তানের জন্য মেটা এআইয়ের ব্যবহারে সাধারণ ১৩+ সেটিংসের বদলে আরও সীমিত ‘লিমিটস কনটেন্ট’ অপশনও বেছে নেওয়া যাবে।

ব্যক্তিগত চ্যাট কি বাবা-মা দেখতে পারবেন?

এখানেই নতুন ব্যবস্থাটির গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্যারেন্টাল কন্ট্রোলস চালু থাকলেও সন্তানের ব্যক্তিগত মেসেজ ও কল ব্যক্তিগতই থাকবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় সুরক্ষিত থাকবে। অর্থাৎ এই ফিচার চালু করার অর্থ সন্তানের ব্যক্তিগত কথোপকথন অভিভাবকের হাতে তুলে দেওয়া নয়।

হোয়াটসঅ্যাপের লক্ষ্য, অতিরিক্ত নজরদারির বদলে সন্তান ও অভিভাবকের মধ্যে নিরাপদভাবে প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আলোচনা তৈরি করা। পরিবারের প্রয়োজন অনুযায়ী এই নিয়ন্ত্রণগুলো পরিবর্তন বা বন্ধও করা যাবে।

কীভাবে চালু করবেন?

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন প্যারেন্টাল কন্ট্রোলস ধাপে ধাপে চালু করা হচ্ছে। তাই সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে একই সময়ে সব অপশন দেখা নাও যেতে পারে। ফিচারটি পাওয়া গেলে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে প্যারেন্টাল কন্ট্রোলস-সংক্রান্ত অপশন অনুসরণ করে অভিভাবক ও সন্তানের অ্যাকাউন্ট সেটআপ করা যাবে।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি: এটি সন্তানের ব্যক্তিগত কথোপকথন পড়ার কোনো ব্যবস্থা নয়। বরং কে যোগাযোগ করতে পারবে, কোন গ্রুপে যুক্ত হওয়া যাবে এবং কিছু গোপনীয়তা সেটিংস কীভাবে কাজ করবে এসব বিষয়ে অভিভাবকদের বাড়তি নিয়ন্ত্রণ দেওয়াই নতুন ফিচারটির মূল উদ্দেশ্য।

--সংগৃহীত ছবি